
ডিজিটাল তথ্য বহন আর সংরক্ষণের জন্য পেনড্রাইভ, সিডি-ডিভিডির প্রচলন তো আছেই। তবে অনেক বেশি তথ্য বা ফাইল বহনের জন্য দরকার বেশ ধারণক্ষমতার মাধ্যম। এ জন্য বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ বেশ কাজের। বাজারে বেশ কিছু ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন মডেলের বহনযোগ্য এক্সটারনাল হার্ডডিস্ক কিনতে পাওয়া যায়। এগুলোর ব্যবহারও বেশ সোজা। দাম সাত হাজার টাকার মধ্যে এমন কিছু হার্ডডিস্কের খোঁজ থাকছে এখানে।
ওয়েস্টার্ন ডিজিটাল
ওয়েস্টার্ন ডিজিটালের এলিমেন্টস ৫০০ গিগাবাইটের হার্ডডিস্কের দাম পাঁচ হাজার টাকা। ৫০০ গিগাবাইট ধারণক্ষমতার ডব্লিউডিবিকেএক্সএইচ৫০০এআরডি ও মাই পাসপোর্ট হার্ডডিস্কের দাম পাঁচ হাজার ৬০০ ও পাঁচ হাজার ৭০০ টাকা। এলিমেন্টস ৫০০জিবি ইউএসবি ২.০ মডেলের হার্ডডিস্কের দাম সাত হাজার টাকা। মাই পাসপোর্ট এসেনশিয়াল ডব্লিউডিবিএসিওয়াই৫০০এবিকে ৫০০ গিগাবাইটের দাম ছয় হাজার ৮০০ টাকা।
বহনযোগ্য অন্যান্য হার্ডডিস্ক
টুইনমস প্রোবক্স ৫০০ গিগাবাইট ও ফুজিৎসু ৩২০ গিগাবাইট হার্ডডিস্কের দাম পাঁচ হাজার ৪০০ টাকা। এডেটার এইচভি৬১০ মডেলের ৫০০ গিগাবাইট ধারণক্ষমতার বহনযোগ্য হার্ডডিস্কের দাম পাঁচ হাজার ২০০ টাকা।
ট্রান্সসেন্ড
৫০০ গিগাবাইট ধারণক্ষমতার ট্রান্সসেন্ড জে২৫এম২ মডেলের হার্ডডিস্কের দাম পাঁচ হাজার ২০০ টাকা। স্টোরজেট জে২৫এমথ্রি ও জে২৫এ৩কে মডেলের দাম পাঁচ হাজার ৩০০ টাকা। জেটু২৫ডি২ ৭৫০ গিগাবাইট ধারণক্ষমতার হার্ডডিস্কের দাম ছয় হাজার ২০০ টাকা। জে২৫এইচ৩পি মডেলের ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভের দাম সাত হাজার টাকা।

অ্যাপাসার
এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার এপিএসএসি২৩বি মডেলের ইউএসবি ৩.০ হার্ডডিস্কের দাম সাত হাজার টাকা।
কেনার সময় খেয়াল রাখুন
বহনযোগ্য হার্ডডিস্ক আকারে দেড় থেকে আড়াই ইঞ্চির হয়ে থাকে। হার্ডডিস্কের জন্য বিশেষ ধরনের বহনযোগ্য ব্যাগ কিনতে পাবেন।
বাজারে ইউএসবি ২.০ এবং ৩.০ পোর্টে লাগানো যায় এমন হার্ডডিস্ক পাওয়া যায়। দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের জন্য ইউএসবি ৩.০ পোর্টের হার্ডডিস্ক কিনতে পারেন।
হার্ডডিস্কে তথ্য ও ফাইল সুরক্ষায় কোনো ব্যবস্থা আছে কি না, পানিনিরোধী কি না, এসব বিষয় খেয়াল রাখুন। হার্ডডিস্কের সংযোগী তার সতর্কতার সঙ্গে ব্যবহার করুন। হারিয়ে গেলে আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে খুঁজে দেখতে পারেন।
অযথা হার্ডডিস্ক ফরম্যাট করা থেকে বিরত থাকুন।