সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবসম্প্রদায়ের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। কেননা তরুণেরাই তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিতে পারবে। তারাই ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। সরকার উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে কম্পিউটার বসিয়েছে। সেখানে আধুনিক প্রযুক্তিতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই সেবা কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। গতকাল রোববার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব কথা বলেন।অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাপোর্ট-টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সানাউল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফ-উদ্দিন শাহ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মো. রফিকুল ইসলামসহ অনেকে।সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবায় বিশেষ অবদানের জন্য সেরা তিনজন উদ্যোক্তাকে রৌপ্য পদক প্রদান করা হয়।তিন দিনের এ মেলা সম্পর্কেজেলা প্রশাসক জানান, ই-সেবার প্রচার ও ই-সেবা সম্পর্কে মানুষকে আকৃষ্ট করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ডিজিটাল বাংলাদেশ-সম্পর্কিত কার্যক্রম উপস্থাপনসহ ই-কৃষি, ই-শিক্ষা, ই-স্বাস্থ্য ও ই-পরিবারকল্যাণ সম্পর্কে মানুষদের সচেতন করার জন্য নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। মেলায় ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে কীভাবে আয় করা যায়, বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট প্রশিক্ষণ ও ব্রাউজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ মেলায় তথ্যপ্রযুক্তি সম্প্রসারণে প্রতিদিনই থাকছে আলোচনা সভা, কর্মশালা, সেমিনার, বিতর্ক, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ২০০টি দোয়েল ল্যাপটপ বিক্রি করা হবে। —কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা