সাতটি বিভাগীয় শহরে ওয়াইম্যাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশ শতকের শুরুতে তথ্যপ্রযুক্তি গোটা পৃথিবীকে এতটাই কাছাকাছি করেছে যে এক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর যেকোনো প্রান্তে পৌঁছে যেতে পারছে মানুষ। মনে হচ্ছে, বাইশ শতকে তথ্যপ্রযুক্তি এমন স্তরে পৌঁছাবে, যখন এক গ্রহে থেকে অন্য গ্রহের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে। তখন অন্য কোনো গ্রহে বসবাসরত নাতি পৃথিবীতে বসবাসরত তার দাদুকে বলবে, ‘তোমার দেওয়া গাছে এখানে অনেক ফুল ফুটেছে। লাল, নীল, হলুদ নানা বর্ণের ফুল। দাদু তখন ইন্টারনেটে বসে ভিনগ্রহে থাকা তাঁর নাতিকে দেখবেন ফুলবাগানে খেলা করতে। কল্পনা নয়, হয়তো তথ্যপ্রযুক্তির বদৌলতে একদিন এ স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল রোববার দেশের সাতটি বিভাগীয় শহরে বাংলালায়নের তারহীন ওয়াইম্যাক্স নেটওয়ার্কের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, শুধু ইন্টারনেট, ফেসবুক বা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এ প্রযুক্তিকে জনগণের দ্বারপ্রান্তে নেওয়া যাবে না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব রকমের নিবন্ধনসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় চাহিদা পূরণে যখন এ প্রযুক্তি সাধারণ মানুষের কল্যাণে আসবে, তখনই প্রকৃত অর্থে তথ্যপ্রযুক্তির ব্যবহার সার্থক হবে। তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। শিল্পমন্ত্র্রী দিলীপ বড়ুয়া বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, আগামী দিনে দেশ শাসন করবে বর্তমান সময়ের তরুণেরা। তাই তরুণদের কাছে সবার আগে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বাংলালায়ন দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট বিস্তারের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাতটি বিভাগীয় শহরে নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। প্রসঙ্গত, রাজধানী ঢাকার পর সম্প্রতি বাংলালায়ন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে বাংলালায়ন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু করেছে। —তারিকুর রহমান খান