বিজ্ঞানের তিন শাখায় চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা ও রসায়নে বিজয়ীদের নাম যথাক্রমে গত সোম, মঙ্গল এবং গতকাল বুধবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে প্রকাশ করেছে নোবেল কমিটি

পৃথিবীর মোট বিদ্যুতের ২০ শতাংশই আলো জ্বালাতে খরচ হয়ে যায়। কিন্তু বিশেষ ধরনের বাল্ব বা এলইডির সাদা আলো ব্যবহার করে সেই বিদ্যুৎ খরচ চার শতাংশে নামিয়ে আনা সম্ভব। জ্বালানি-সাশ্রয়ী বাতির সেই গুরুত্ব উপলব্ধি করেছিলেন জাপানের দুই বিজ্ঞানী ইসামু আকাসাকি ও হিরোশি আমানো এবং জাপানি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী শুজি নাকামুরা। এ জন্য অবশ্য তাঁরা স্বীকৃতিও পেয়েছেন। আধুনিক এলইডি বাল্ব তৈরিতে বিশেষ অবদানের জন্য চলতি বছর পদার্থবিদ্যায় তাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন।
পরিবেশবান্ধব এবং জ্বালানি-সাশ্রয়ী আলোর উৎস আবিষ্কারের মাধ্যমে আধুনিক এলইডি বাতি তৈরিতেই এই তিন আলোর কারিগরের অবদান। তাঁরা অর্ধপরিবাহী বস্তু থেকে নীল আলোকরশ্মি উৎপাদন করে ১৯৯০-এর দশকে বিজলি বাতির প্রযুক্তিতে বড় পরিবর্তন আনেন।
কেমন সেই পরিবর্তন? জানালেন রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সদস্য পার ডেলসিং। বললেন, লাল ও সবুজ এলইডি বেশ আগে থেকে পাওয়া গেলেও অনুপস্থিত ছিল নীল রংটি। ধন্যবাদ নীল এলইডিকে, যার কারণে এখন পাওয়া যাচ্ছে সাদা আলোর অতি শক্তিশালী, কার্যকর ও দীর্ঘস্থায়ী উৎসগুলো।
সাদা এলইডির আবির্ভাবের ফলে মানুষের বাড়িঘর এবং কর্মক্ষেত্রের পরিবেশ বদলে গেছে। উনিশ শতকের শেষ দিকে জোসেফ সোয়ান ও টমাস আলভা এডিসন যে বৈদ্যুতিক বাতি এনে দিয়েছিলেন, তার বিকল্প হিসেবে এখন অধিকতর কার্যকর ও দীর্ঘস্থায়ী আলো দিচ্ছে এলইডির সাদা আলো। নোবেল কর্তৃপক্ষ বলেছে, দ্যুতিময় বৈদ্যুতিক বাতি বিশ শতককে আলোকিত করেছিল; আর একুশ শতক উজ্জ্বল হবে এলইডি বাতির আলোয়। সাদা এলইডি পৃথিবীজুড়ে জ্বালানি খরচ কমায়। দেড় শ কোটি মানুষের কাছে এখনো বিদ্যুৎকেন্দ্র থেকে আলো পৌঁছায় না, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে এলইডি বাতি। কারণ, এই আলোয় জ্বালানির খরচ কম হয়। সাশ্রয়ী সৌরবিদ্যুতের আলো জ্বালাতেও কাজে লাগে এই বাতি।
আকাসাকি জাপানের মেইজো বিশ্ববিদ্যালয়ে এবং আমানো নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে কর্মরত। আর নাকামুরা যুক্তরাষ্ট্রের সান্টা বারবারায় অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সূত্র: রয়টার্স।