সাদা-কালো রাহুল

বয়স মাত্র ২৩। এখনো শিক্ষার্থী। রাহুল তালুকদার ফটোগ্রাফি নিয়ে পড়ছেন পাঠশালায়। এর মধ্যেই পেয়ে গেছেন ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। স্পট নিউজ স্টোরি বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর ছবির গল্পের বিষয় ‘কলাপস অব রানা প্লাজা’। স্পট নিউজ সিঙ্গেল বিভাগে জিতেছেন বাংলাদেশের আরেক আলোকচিত্রী তাসলিমা আখতার, ‘শেষ আলিঙ্গন’ শিরোনামে তাঁর ছবিটিও রানা প্লাজার।
১১টি ছবি দিয়ে রাহুল নির্মাণ করেছেন এই গল্প। ছবিগুলো সাদা-কালো। প্রথম ছবিটিতে কাগজের ঠোঙার মতো দুমড়েমুচড়ে পড়ে আছে রানা প্লাজা। ধ্বংসাবশেষ ঘিরে হাজার হাজার কৌতূহলী মানুষ। আর ছবির ভেতর একটি উৎকণ্ঠিত হাত। চাদরে ঢাকা শ্রমিকের পা, জীবন-মৃত্যুর দোলাচলে আটকে পড়া শ্রমিকের অসহায়ত্ব, উদ্ধারের প্রানান্ত চেষ্টা, স্বজনের বোবা কান্না, হাসপাতালে যন্ত্রণাকাতর নারীশ্রমিক আর লাশের অপেক্ষায় থরে থরে সাজানো কফিন সবই আছে তাঁর ছবির গল্পে।

একটি ছবি উল্লেখ করার মতো। দেয়ালে সাঁটানো ছবি-সংবলিত কয়েকটি পোস্টার। তাতে লেখা, সন্ধান চাই। আর সেই পোস্টারের নিচে দেয়ালে কালো কালিতে লেখা ‘হোয়াই গড? হোয়াই?’। দেয়ালের পাশে নিখোঁজ স্বজনের সন্ধান চেয়ে হাহাকার করছেন এক নারী। আর শেষ ছবিটি হচ্ছে ধসে যাওয়া মৃত্যুকূপের ভেতর আর কোনো প্রাণের স্পন্দন আছে কি না, শেষবারের মতো পরখ করছেন এক উদ্ধারকর্মী।
রাহুলের জন্ম ১৯৯১ সালের ৫ নভেম্বর, সুনামগঞ্জে। ২০১০ সালে অনলাইন ফটোগ্রাফি গ্রুপ টিটিএলের মাধ্যমে আলোকচিত্র অঙ্গনে প্রবেশ করেন। রাহুল এখন পড়ছেন পাঠশালা—সাউথ এশিয়ান মিডিয়া একাডেমিতে, দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে। ২০১২ সালে পান দি ডেইলি স্টার আয়োজিত সেলিব্রেটিং লাইফ প্রথম পুরস্কার। ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডই তাঁর প্রথম আন্তর্জাতিক অর্জন। এই ফটো স্টোরির জন্য রাহুল ইতিমধ্যে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের স্টুডেন্ট ক্যাটাগরির ১০ চূড়ান্ত প্রতিযোগীর একজন মনোনীত হয়েছেন।
সাদা-কালো ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রাহুল। গতিময়তা রাহুলের ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। রানা প্লাজা দুর্ঘটনায় আহত, পঙ্গু, বেঁচে যাওয়া ভাগ্যাহত শ্রমিকদের নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করার ইচ্ছা আছে তাঁর।
রাহুলের সামনে অনেক পথ। এই পথে রাহুল অনেক দূর যাবেন এটা আলোকচিত্র বোদ্ধাদের ধারণা। পৃথিবীর প্রায় সব সংবাদচিত্রীর স্বপ্ন—জীবনে অন্তত একবার ওয়ার্ল্ড প্রেস জেতা। যেটা রাহুল শুরুতেই জিতলেন। কঠিন এই পথে এত বড় অর্জনের ভার রাখতে পারবেন কি তিনি?