সাদিয়ার দুঃস্বপ্নের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাইয়ে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
জয়পুরহাটের কালাইয়ে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

প্রাণোচ্ছল মেয়েটির সব হাসি মুছে গেছে। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে। একেকটি দিন মনে হচ্ছে যেন একেকটি বছর। কখনো সে ভাবতেই পারেনি, তাকে কেউ অ্যাসিড নিক্ষেপ করতে পারে। এত কষ্টের মধ্যেও সে হতাশ হয়নি। এখনো ভাবছে, আবার সে কলেজে যেতে পারবে। বন্ধুদের সঙ্গে আড্ডা, দল বেঁধে পড়া—সবই করতে পারবে। দুঃস্বপ্নের দিনগুলোয় এমন সুখস্বপ্ন দেখছে সে। মেয়েটির নাম সাদিয়া ইসলাম।

জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ১৩ আগস্ট সাদিয়ার শোয়ার ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সাদিয়ার মুখ অল্পের জন্য রক্ষা পেলেও তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ আগস্ট বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে চিকিৎসকদের পরামর্শে ১৫ আগস্ট ঢাকায় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে সাদিয়া।

অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সমন্বয়ক (মিডিয়া) এ কে আজাদ মুঠোফোনে জানান, সাদিয়া শঙ্কামুক্ত নয়। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

সাদিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের সাত দিন পর তার বাবা আবদুস সালাম বাদী হয়ে কালাই থানায় মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে সাদিয়ার গৃহশিক্ষক ও ফুফা সাইফুল ইসলামকে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর কলেজের শিক্ষক। আবদুস সালাম জানান, গৃহশিক্ষক ও সম্পর্কে ফুফা হওয়ার সুবাদে তাঁদের বাড়িতে সাইফুল ইসলামের নিয়মিত যাতায়াত ছিল। কিন্তু যখন তিনি জানতে পারেন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছেন সাইফুল, তখন তাঁকে বাড়িতে আসতে নিষেধ করে দেন। এরপর সাইফুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। নানাভাবে তিনি সাদিয়াকে হুমকি দিতেন। এমনকি এখন মামলা তুলে নেওয়ার জন্যও হুমকি দিচ্ছেন।

এদিকে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি সাদিয়ার আপন ফুফা। ওর শুধু গৃহশিক্ষক ছিলাম না, নিজের মেয়ের মতো ভালোবাসতাম। সাদিয়া অ্যাসিডদগ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা আমিই করেছি। অথচ গ্রামের কিছু কুচক্রী মানুষের প্ররোচনায় সাদিয়াকে জড়িয়ে এখন আমার বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ এনে মামলা দেওয়া হয়েছে।’

এদিকে কলেজছাত্রী সাদিয়া ইসলামের ওপর অ্যাসিড নিক্ষেপকারীর গ্রেপ্তারের দাবিতে ১৯ আগস্ট অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে কালাই বন্ধুসভা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

কালাই শহরের বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও সাদিয়ার শিক্ষক, সহপাঠী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী ও শহরের সচেতন পেশাজীবী নাগরিকেরা অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে অ্যাসিড-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাদিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপকারীকে দ্রুত খুঁজে বের করে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি দাবি জানানো হয়। একই সঙ্গে অ্যাসিডের অবাধ বিক্রি ও ব্যবহার বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

মানববন্ধনের এক দিন পর প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা দিতে সাদিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যান জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন। এ সময় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক গওসুল আযম তাঁর সঙ্গে ছিলেন। জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, অ্যাসিড নিক্ষেপকারীকে খুঁজে বের করতে কালাই থানার পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার নেপথ্যের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটাও সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত খুঁজে বের করতে বলা হয়েছে পুলিশকে।