সাধারণ ব্যবহারের জন্য মোবাইল ফোন
কী না মেলে মোবাইল ফোনে! কথা বলা তো আছেই, সেই সঙ্গে রয়েছে ক্যামেরা দিয়ে ছবি তোলা, ভিডিও করা, ইন্টারনেট ব্যবহার, গান শোনা, সিনেমা দেখা, গেম খেলাসহ আরও কত কি। অথচ একটা সময় ছিল, যখন মোবাইল ফোনের ব্যবহার শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখনো এমন অনেকে আছেন, যাঁদের মোবাইল ফোনে গেম খেলার প্রয়োজন নেই। দরকার নেই গান শোনার বা ইন্টারনেট ব্যবহারের। তাঁরা মোবাইল ফোনের ব্যবহার শুধু কথা বলার মধ্যেই সীমিত রাখতে চান। তাঁদের কথা মাথায় রেখে নকিয়া তৈরি করেছে নতুন একটি হ্যান্ডসেট। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ১০৫ নামের এই হ্যান্ডসেট দেখানো হয়। নকিয়ার নতুন এই ফোনে রয়েছে হাই ডেফিনিশন রঙিন মনিটর, এফএম রেডিও, বেশ কিছু গেম, কথা বলা ঘড়ি, একটি ফ্ল্যাশলাইট এবং ধুলা ও পানিরোধী প্লাস্টিকের খাপ। একবার চার্জ দিলে তা ৩৫ দিন পর্যন্ত চলবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই হ্যান্ডসেট বাজারে ছাড়া হবে। ইউরোপের বাজার ছাড়াও মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারেও নকিয়া ১০৫ বিক্রি করা হবে। দামও বেশ কম। মাত্র ২০ ডলার। দাম কম হওয়ায়, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এটি ব্যাপকহারে বিক্রি হবে বলে আশা করছে নকিয়া কর্তৃপক্ষ। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান