সাধারণ মানুষের কাছে ডিজিটাল-সুবিধা পৌঁছাতে কাজ করবেন ইউএনওরা
জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) অর্থায়নে গতকাল বুধবার দেশের ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ডিজিটাল বাংলাদেশ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করে প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। এর জন্য প্রয়োজনে চিকিৎসক, শিক্ষিত বেকারদের তথ্যপ্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। খবর বিজ্ঞপ্তির।এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানো যায়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা সৃষ্টি করতে এ কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশিউপজেলা পর্যায়ে চলমান ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে আরও বেগবান ও সমন্বিত করতে সহায়কের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয় এতে। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র এবং জেলা ই-সেবাকেন্দ্র সম্পর্কেও ইউএনওদের এ কর্মশালায় ধারণা দেওয়া হয়।কর্মশালায় অংশগ্রহণকারীদের ই-মেইল, ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জনে সহায়তা করা হয়। কর্মশালায় অনলাইন হজ, স্বয়ংক্রিয় চট্টগ্রাম কাস্টম হাউস, বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল ডাটা ব্যাংক প্রজেক্ট, সরকারি ই-হেলথ সার্ভিস ইত্যাদি বিষয়ে কেইস স্টাডি উপস্থাপন করা হয়।নভেম্বর মাসে প্রধানমন্ত্রী ভিডিও সম্মেলনের মাধ্যমে দেশের সব ইউনিয়নে (সাড়ে চার হাজার) একযোগে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) উদ্বোধন করবেন বলেকর্মশালায় জানানো হয়েছে।ইউআইএসসি উদ্বোধনের বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।