সান ফ্রান্সিসকোয় আজ শেষ হচ্ছে গুগলের বুটক্যাম্প
সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকাল ৯টা। পাঁচ হাজারেরও বেশি প্রোগ্রামার অধীর আগ্রহে গুগলের বিশাল কাউন্টডাউন ঘড়িটা দেখছেন। ঘড়ি ০০-এ আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গুগল আইও ২০১১-এর মূল আয়োজন। এদিনও মূল প্রবন্ধ পড়া শুরু করলেন গুগলের প্রকৌশল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গন্দত্রা। গুগলের এই আয়জন মূলত করা হয় গুগলের বিভিন্ন এপিআই নতুন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ ছাড়া থাকে গুগলের নতুন কোনো তথ্যপ্রযুক্তি-পণ্য বা সেবার পরিচিতি। এবারের আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে দেখা দিয়েছে গুগলের নতুন তিনটি সেবা—মুভি, মিউজিক ও অ্যাট হোম। মুভি ও মিউজিক-সেবায় গুগল ক্লাউড কম্পিউটিংয়ের নজরকাড়া ব্যবহার দেখিয়েছে। অ্যাট হোম হলো প্রতিদিনের জীবনে অ্যান্ড্রয়েডের অভিনব ব্যবহার। এ ছাড়া ছিল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচের প্রদর্শনী। মূল প্রবন্ধ পড়ার পর দিনের অধিবেশনগুলো শুরু হয়। পাশাপাশি চলতে থাকে ‘ডেভেলপার সান্ডবক্স’-এর প্রদর্শনী। সেখানে মজার রোবট থেকে শুরু করে ল্যাপটপ কম্পিউটারের মতো ছোট কিন্তু আকর্ষণীয় যন্ত্র ও প্রোগ্রাম ছিল। বিকেলে ছিল আফটার অফিস আওয়ার পার্টি, যেখানে গানের সঙ্গে ছিল নতুন প্রযুক্তির মেলা। বল আকৃতির রোবট, গুগলের স্বচালিত গাড়ি, বাতাসের পুতুল, কার প্লেন ছিল এই মেলায়। আজ শেষ হবে গুগল আইওর বুটক্যাম্প আয়োজন। —মোহাম্মদ নাজমুস সালেহিন, সান ফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র) থেকে