সাফল্যের জন্য সাবিরুল

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাঁর কাছে মানুষের হাসিমাখা মুখ, তাঁর কাছে তো জীবনের মানে অন্য কিছু হয়ে দাঁড়াবেই। তিনিই সাবিরুল ইসলাম। পৃথিবীজুড়ে যিনি তরুণদের মধ্যে স্বপ্নের কথা বলে যান। ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি তরুণ সাবিরুল ইসলাম এখন বিশ্বজুড়ে তরুণদের আইকন। তাঁর কথায় মন্ত্রমুগ্ধের মতো মোহিত হয় হাজার হাজার মানুষ। অনেকেই সাবিরুলকে অনুপ্রেরণা হিসেবে মনে করেন। এবারে বাংলাদেশ সফরে (৪-১৫ মার্চ) ‘স্বপ্ন নিয়ে’ মুখোমুখী হয় তাঁর। জানতে চাই সাবিরুলের জীবনের সফলতার পেছনে অনুপ্রেরণার দাবিদার কে? সাবিরুল বলেন, সেসব মানুষ, যাঁরা এখনো পর্যন্ত সাবিরুলের কথায় অনুপ্রাণিত হয়ে নিজেদের কাজ শুরু করেছেন। আমাদের মন্ত্রমুগ্ধ হওয়ার পালা কেবল শুরু হলো। আমরা শুনে যাই সাবিরুলের কথা।
নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারলে সাফল্য নিশ্চিত। বিশ্বাস রাখতে হবে নিজের ওপর। পড়াশোনা শেষ করে চাকরি করাটাই কখনো নিজের জীবনের লক্ষ্য হতে পারে না, তাতে নিজেদের স্বকীয়তাগুলো ঢাকা পড়ে যায়, নিজেকে আবিষ্কার করতে পারার আনন্দ থেকেও বঞ্চিত হতে হয়। আর সফল হতে থাকতে হয় অদম্য ইচ্ছাশক্তি।
১৩ বছর বয়সে প্রচণ্ড জেদ নিয়েই সাবিরুল শুরু করেছিলেন তাঁর ওয়েব ডিজাইনের ব্যবসা। জেদ ছিল চাচাতো ভাইয়ের কোম্পানি থেকে বহিষ্কার হওয়ার পর ভাইকে ভুল প্রমাণিত করার। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। সাবিরুল অনেকবার প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু দমে যাননি। ‘সফলতা লাভের জন্য অনেক বিনয়ী হতে হবে’ বললেন সাবিরুল। ধীরে ধীরে নিজের ব্যবসায় লাভের মুখ দেখতে থাকেন সাবিরুল। কিছুটা কৌতূহলের বশেই জানতে চাই বহিষ্কৃত হওয়ার কারণটি। একটু হেসে জানালেন, তিনি তখন খুব অলস ছিলেন! ১৭ বছর বয়সে নিজের জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়র ফিট নামে একটি বই লিখে ফেললেন। এখানেও বাধল বিপত্তি। প্রায় ৪০ জন প্রকাশক একে একে তাঁকে ফিরিয়ে দিলেন বইটি প্রকাশ করবেন না বলে। তবে কীভাবে সাবিরুল প্রকাশ করলেন বইটি? ‘আমি জানতাম আমি কে, আমার বইয়ে কী আছে আর কেনই বা আমি বইটি লিখেছি। তাই নিজের অর্থ দিয়েই বইটি প্রকাশ করতে উদ্যোগ নিলাম।’ তারপরের গল্প তো সবার জানা। এই বইটি বিক্রি হলো প্রায় ৪২ হাজার কপি। সাবিরুল বলেন, সবাই মনে করেন ছোটরা কিছু করতে পারবে না। কিন্তু একটু সুযোগ পেলে যে কেউই যেকোনো কিছু করতে পারে। তারা বই লিখতে পারে, চিত্রপ্রদর্শনী করতে পারে, এমনকি ব্যবসাও করতে পারে। তাদের সেই সুযোগটি করে দিতে হবে। আমাদের বাবা, মা ও শিক্ষকদের মধ্যে একটি প্রবণতা আছে যে ছেলেমেয়েদের খুব ভালো ফল করতে হবে এবং পড়াশোনা শেষে হয় চিকিৎসক, প্রকৌশলী বা সরকারি চাকরি করতে হবে। যার ফলে শিশুদের মধ্যেও এই চিন্তাটিই বেশি কাজ করে। তারা এর বাইরে কিছু ভাবতে পারে না। এই প্রবণতা দূর করার উপায় কী? সাবিরুলের মতে, মানুষের জীবনে সফলতা লাভের পেছনে পড়াশোনা একটি সহায়ক ভূমিকা পালন করে মাত্র। তবে পড়াশোনাই একমাত্র উপায় নয়। আমি বলছি না চিকিৎসক বা প্রকৌশলী হতে চাওয়া খারাপ। এটির অবশ্যই দরকার আছে। কিন্তু যে কেউই চাইলে একজন চিকিৎসক উদ্যোক্তা বা প্রকৌশলী উদ্যোক্তা হতে পারেন। আর শুধু সরকার আমাকে কী দিল, কী দিল না সেই আশায় বসে না থেকে নিজেও তো কোনো কিছু করা যায়। তাতে সরকারের ওপর থেকেও অনেকখানি ভার লাঘব হয়। আর কেউই কাউকে কিছু দিতে বসে থাকে না। যার যা দরকার তা নিজেরই পাওয়ার চেষ্টা করতে হবে।
২০১১ সালে সাবিরুল শুরু করেছিলেন বিশ্বজুড়ে এক মিলিয়ন তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কর্মসূচি ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি। এই বছরের মাঝামাঝি সময়ে এই কর্মসূচি লক্ষ্য পূরণ হওয়ার মুহূর্তটি সাবিরুল বাংলাদেশে উদ্যাপন করতে চান। সেই মুহূর্তটি উদ্যাপনকালে সাবিরুলের পরিবারসহ বন্ধুবান্ধব নিয়ে আসবেন বাংলাদেশে। সাবিরুলকে যদি বলা হয় সাফল্যকে এক বাক্যে সংজ্ঞায়িত করতে, তবে তিনি কী বলবেন? ‘সফলতা হলো মেধা ও পরিশ্রমের সম্মিলিত ফল।’
ইন্সপায়ার ওয়ান মিলিয়নের পর সাবিরুলের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে সাবিরুল জানান, এই কার্যক্রম এমন কোনো কিছু নয় যে তা একেবারেই লক্ষ্য অর্জন হয়ে যাবে। সাবিরুলের ভাষায়, ‘হাই, হ্যালো, গুডবাই’ নয়। এই লক্ষ্যপূরণের পরও তিনি নতুনভাবে এই কাজ চালিয়ে যেতে চান। ইন্সপায়ার ওয়ান মিলিয়ন নিয়ে তাঁর অভিজ্ঞতাগুলো নিয়ে সাবিরুল একটি বই লিখছেন। তিনি তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা এবং নির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি ফাউন্ডেশন স্থাপন করতে চান। এ ছাড়া তাঁর ইচ্ছা আছে, বাংলাদেশ থেকে তাঁর দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়র ফিট বইটি বাংলায় অনুবাদ করিয়ে প্রকাশ করার।
বাংলাদেশি তরুণ-তরুণীদের নিয়ে সাবিরুল অনেক আশাবাদী। তিনি ইতিমধ্যেই অনেক সাড়া পেয়েছেন। তাঁর মতে, বাংলাদেশি তরুণেরা মেধাবী ও উদ্যমী।
আমরা কথা শেষ করে যখন ছবি তুলতে বের হয়েছি এবার যেন আমাদের জন্য এক নতুন বিস্ময় অপেক্ষা করছে। এ যেন অন্য এক সাবিরুল। বাংলাদেশের রিকশা তাঁর খুব ভালো লেগেছে। এবার দুষ্টুমিতে মেতে উঠলেন তিনি। নিজেই হয়ে উঠলেন রিকশাচালক!