সাফারি ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি দূর করতে আইওএস ১৫.৩ এবং আইপ্যাডওএস ১৫.৩ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণটিতে সাফারি ব্রাউজারের ইনডেক্সডডিবি জাভাস্ক্রিপ্ট এপিআইয়ে থাকা নিরাপত্তা ত্রুটি মেরামত করা হয়েছে। সাফারি ব্রাউজারের এ নিরাপত্তা ক্রটি কাজে লাগিয়ে এত দিন সাইবার অপরাধীরা গোপনে তথ্য সংগ্রহ করে বড় ধরনের ক্ষতি করতে পারত।
এ মাসের শুরুতে প্রথম এ নিরাপত্তা ত্রুটির সন্ধান মেলে। এরপর তড়িঘড়ি করে নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করল অ্যাপল। নতুন এ হালনাগাদ সংস্করণে নতুন ফিচার চালু করা হয়নি, কেবল সাফারি ব্রাউজারের নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে। আর তাই নিরাপদে থাকতে অবশ্যই সংস্করণটি ব্যবহার করতে হবে।
আইওএস ও আইপ্যাডওএসের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করলেও ম্যাক অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের সাফারি ব্রাউজারে এখনো নিরাপত্তা ত্রুটি রয়েই গেছে। আর তাই ম্যাক অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে সতর্কতার সঙ্গে সাফারি ব্রাউজার ব্যবহার করতে হবে। সূত্র : দ্য ভার্জ