সাবধান! ফেসবুকে হ্যাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সামাজিক যোগাযোগ ফেসবুক ব্যবহারকারীদের ওপর সমপ্রতি নতুন এক উপায়ে আক্রমণ হচ্ছে। ফেসবুকের প্রায় ৪০ কোটি ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য আদায়ের নতুন এক কৌশল শুরু করেছে একদল হ্যাকার। সমপ্রতি অ্যান্টিভাইরাস ম্যাকাফির পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকের নিজস্ব ই-মেইল ব্যবস্থার একটি উপায় ধরে ব্যবহারকারীদের কাছে গোপন নম্বর (পাসওয়ার্ড) পুনরায় নতুনভাবে যোগ করার কথা বলা হচ্ছে। ‘ফেসবুকের গোপন নম্বর ঠিক করুন’ গ্রাহকসেবাকেন্দ্র থেকে এ বিষয় দিয়ে ই-মেইলে একটি সংযুক্ত (অ্যাটাচ) ফাইল থাকে, যা নামানোর কথা (ডাউনলোড) বলা হয়। ওই ফাইলটি নামানোর সঙ্গে সঙ্গে বেশকিছু স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে যুক্ত হয়ে যায়, যা গোপন নম্বর খুঁজে বের করতে পারে। এ ধরনের ই-মেইল নিয়মিতভাবে ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় পাঠানো হচ্ছে। এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছে এবং এ ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ম্যাকাফির গবেষণা তথ্যমতে, হ্যাকারের দল এখন পর্যন্ত এ ধরনের বার্তা দিয়ে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ই-মেইল পাঠিয়েছে। ম্যাকাফির পরিচালক ডেভ মারকুস বলেন, সহজে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে হ্যাকারটা এ পদ্ধতি অবলম্বন করেছে। তিনি জানান, ৪০ কোটি ব্যবহারকারীর মধ্যে শতকরা ১০ ভাগ অর্থাত্ যদি চার কোটি ব্যবহারকারীও এ সংযুক্তি ফাইলে ক্লিক করে তা হলেও হ্যাকারের লক্ষ্য পূরণ হয়ে যাবে এবং বিপুল পরিমাণ গোপন নম্বর, তথ্যও হ্যাকারদের হাতে চলে যাবে। ক্রমেই ফেসবুকের ব্যবহারকারী বাড়ছে আর হ্যাকাররাও নানা উপায়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরির প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে। ফেসবুকের গোপন নম্বরের কথা বলে যে ফাইল পাঠানো হচ্ছে তা নামানোর মাধ্যমে কম্পিউটারে ছড়িয়ে পড়ছে এবং কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হচ্ছে সহজেই। তাই যেকোনো ই-মেইলের সংযুক্তি ফাইল না খোলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —রয়টার্স অবলম্বনে নুরুন্নবী চৌধুরী