সাবধান, মাইক্রোওয়েভ ওভেনে ফোন রাখা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যাওয়া আইফোন
পুড়ে যাওয়া আইফোন

‘ইন্টারনেটে যা দেখবেন যাচাই-বাছাই না করে তা বিশ্বাস করবেন না।’ এ কথাটির যথার্থ উদাহরণ হতে পারে মাইক্রোওয়েভ ওভেনে কয়েকজন আইফোন ব্যবহারকারীর ফোন রেখে বোকা বনার ঘটনাটি। অনলাইনে ফোরচ্যান নামের একটি ওয়েবসাইট থেকে ভুয়া তথ্য রটানো হয় যে আইফোনে আইওএস৮ আপডেট করলে এমন একটি ফিচার পাওয়া যাবে যাতে আইফোনের ব্যাটারি বাড়ির মাইক্রোওয়েভ ওভেনে রেখে দিয়েও চার্জ দেওয়া যাবে। এই ভুয়া পোস্টটি অনেকটাই অ্যাপলের বিজ্ঞাপনের আদলে ছড়ানো হয়। এতে আরও বলা হয়, আইওএসের ওয়েভ প্রযুক্তির কল্যাণে মাইক্রোওয়েভ তরঙ্গের মাধ্যমে তারবিহীন উপায়ে আইফোনকে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি এতে সতর্ক করে বলা হয়, মাইক্রোওয়েভে ফোন ৩০০ সেকেন্ডের বেশি রাখা যাবে না।

ফোরচ্যানে প্রকাশিত ভুয়া বিজ্ঞাপন
ফোরচ্যানে প্রকাশিত ভুয়া বিজ্ঞাপন

অনেক আইফোন ব্যবহারকারী ভুয়া এই পোস্ট দেখে তা সত্যি সত্যি পরীক্ষা করে দেখার চেষ্টা করে বোকা বনেছেন এবং ফোনের সর্বনাশ করেছেন। ফোন এমনভাবে পুড়েছে যে আর মেরামতের উপায় নেই! এই বোকাদের দলে সম্প্রতি বাজারে আসা আইফোন৬ ও আইফোন৬ প্লাস বেশ কিছু ক্রেতাও রয়েছেন। হ্যাসট্যাগ অ্যাপল ওয়েভ নামের এই ভুয়া তথ্যটি টুইটারেও রয়েছে। যুক্তরাজ্যের মিরর অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মাইক্রোওয়েভে আইফোন বিস্ফোরণ
মাইক্রোওয়েভে আইফোন বিস্ফোরণ

গত বছরেও আইওএস৭ নিয়ে ফোরচ্যান থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল। সে সময় বলা হয়েছিল আইওএস৭ আইফোনকে পানিরোধী করেছে। অনেকেই এই হুজুগে পড়ে তাঁদের শখের আইফোন পানিতে ডুবিয়ে সে সময় বোকা বনেছিলেন।