সামাজিক নেটওয়ার্কের সঠিক ব্যবহারের জন্য আইন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন দেশে দেশে মূলধারার গণমাধ্যম যা করতে পারছে না, সামাজিক যোগাযোগমাধ্যম তাই সম্ভব করে তুলেছে। তবে এই মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট কোনো আইন না থাকায় অনেক সময় এর ব্যবহারকারীদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আইন প্রণয়ন জরুরি।গতকাল সোমবার দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরাম আয়োজিত ‘প্রতিরোধ ও গণতন্ত্রায়ণে বিকল্প মাধ্যম হিসেবে সাইবারস্পেসের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তির।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক মশিউল আলম, সমকাল-এর সহকারী সম্পাদক মাহবুব মোরশেদ এবং ব্লগ-বিশেষজ্ঞ কৌশিক আহমেদ।