সামাজিক পরিবর্তনে মোবাইল-প্রযুক্তি ব্যবহারের আহ্বান
ডিজিটাল যোগাযোগপ্রযুক্তির সাহায্যে সামাজিক পরিবর্তন ও সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে উদ্ভাবনী পরিকল্পনা করার জন্য তরুণদের উদ্বুদ্ধ করতে প্রতিযোগিতা শুরু করেছে গ্রামীণফোন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়।
মোবাইল-প্রযুক্তির মাধ্যমে সমাজে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, যুবসমাজের কাছ থেকে সেই উদ্ভাবনী ধারণা আহ্বান করছে গ্রামীণফোন। বিজয়ী ধারণাটি আগামী ডিসেম্বরে নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় ‘টেলিনর যুব সম্মেলন ২০১৪’-এ উপস্থাপন করা হবে।
টেলিনর যুব সম্মেলন হচ্ছে গ্রামীণফোনের অধিকাংশ শেয়ারের মালিক টেলিনর গ্রুপের একটি প্রকল্প। দ্বিতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন করছে প্রতিষ্ঠানটি। যেসব দেশে টেলিনরের কার্যক্রম পরিচালনা করা হয়, সেসব দেশে ‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্য অর্জনের একটি অংশ হিসেবে এ প্রতিযোগিতা চালু করা হয়েছে।
গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ শাহেদ বলেন, এ দেশের তরুণেরা তাদের উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে বিশ্বকে পরিবর্তনের সম্ভাবনা রাখে। টেলিনর তাদের এমন একটি সুযোগ দিচ্ছে যার মাধ্যমে তারা পুরো বিশ্বকে চমকে দিতে পারবে।
গ্রামীণফোনের মুখপাত্র ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান তাহমীদ আজিজুল হক বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। অংশগ্রহণকারী প্রতিটি দলে দুজন সদস্য থাকতে হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে প্রাথমিকভাবে প্রতিনিধিদল নির্বাচন করা হবে। দ্বিতীয় পর্বে চারটি দল বাছাই করা হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার জন্য জন্য। চূড়ান্ত পর্বে বিজয়ীরা নরওয়ের অসলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলগুলোর সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করবে।
এ ছাড়া প্রতিযোগীরা নরওয়েতে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেওয়ার পাশাপাশি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
২০১৩ সালের টেলিনর বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী সাফা তাসনিম ও সামি তাহসিন সংবাদ সম্মেলনে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
