সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মের খসড়ায় মতামতের সময় বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়ের ওটিটি প্ল্যাটফর্মের নিয়ে খসড়া নীতিমালা ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের খসড়া প্রবিধানের ওপর মতামত প্রদানের সময় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ইন্টারনেট ফ্রিডম ইনিশিয়েটিভ ওয়ার্কিং গ্রুপ এ আহ্বান জানিয়ে বলেছে, খসড়া দুটির গভীর মূল্যায়ন প্রয়োজন।

গত ৩ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান ও পরিচালনা এবং বিজ্ঞাপন প্রদর্শন নীতিমালা ২০২১’ খসড়া প্রকাশ করেছে। এ খসড়া নিয়ে মতামত প্রদানের শেষ সময়সীমা আজ ৭ মার্চ শেষ হচ্ছে। এ ছাড়া বিটিআরসি গত ৬ ফেব্রুয়ারি ‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’ নামেও একটি খসড়া প্রবিধান প্রকাশ করেছে। এই প্রবিধান নিয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত প্রদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে তা বাড়িয়ে ৭ মার্চ করা হয়।  

বাংলাদেশ ইন্টারনেট ফ্রিডম ইনিশিয়েটিভ ওয়ার্কিং গ্রুপ অংশীজনদের সঙ্গে এ বিষয়ে অর্থপূর্ণ এবং গভীর সম্পৃক্ততা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে খসড়া দুটির ওপর পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ প্রদানের জন্য আরও আট সপ্তাহ বাড়ানোর অনুরোধ করেছে। আজ সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই দুটি খসড়ার গভীরভাবে মূল্যায়ন প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সাংবিধানিক অধিকারের ওপর প্রস্তাবিত আইনি বিধানগুলোর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য ওয়ার্কিং গ্রুপ খসড়া রেগুলেশন ও নীতিমালার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়, ডিজিটাল বাংলাদেশ রূপকল্পকে অর্থবহ করে তুলতে ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াসহ ওটিটি প্ল্যাটফর্মের জন্য এমন একটি নির্দেশিকা থাকা উচিত, যা ডিজিটাল স্পেসে নাগরিকের অধিকারকে সম্মান, সুরক্ষা, প্রসার করবে। ওয়ার্কিং গ্রুপ জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করার জন্য এবং বাংলাদেশে একটি উন্মুক্ত, বাধাহীন এবং নিরাপদ ইন্টারনেট চালু করার জন্য বিটিআরসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। এ ছাড়া বলা হয়, মানুষের সাংবিধানিক অধিকার ভোগ করতে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে এবং তথ্যে প্রবেশগম্যতার সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ওয়ার্কিং গ্রুপ।

ওয়ার্কিং গ্রুপ ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশে’ রূপান্তর করার বিষয়ে যে প্রতিশ্রুতি ছিল, তা স্মরণ করিয়ে দিতে চায়। এ বিষয়ে বিবৃতিতে সংগঠনটি বলেছে, সরকারকে নাগরিকদের চাহিদা পূরণের জন্য স্বচ্ছ এবং জবাবদিহিমূলক জাতীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যা আন্তর্জাতিক আইন এবং মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ হবে। পাশাপাশি ইন্টারনেট হবে নাগরিকদের জন্য ভয়ভীতিহীন মতপ্রকাশের একটি উন্মুক্ত ফোরাম।