সামাজিক যোগাযোগসহ নিনটেনডোর ‘উয়ি ইউ গেমপ্যাড’ (ভিডিও)
‘উয়ি ইউ গেমপ্যাড’ নামে নতুন একটি গেম কনসোল ট্যাবলেট আনছে গেম-নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ৩ জুন উয়ি ইউ গেমপ্যাড কনসোলটি বাজারে আনার ঘোষণা দিয়েছে নিনটেনডো।২০০৬ সালে উয়ি নামের গেমিং কনসোলটি আনার পাঁচ বছর পর নতুন এই গেম কনসোলটি আনার ঘোষণা দিল নিনটেনডো। চলতি মাসের ৫-৭ তারিখ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩) মেলা উপলক্ষে এ গেম কনসোলটির ঘোষণা দিয়েছে নিনটেনডো।ট্যাবলেট-সদৃশ টাচ স্ক্রিন সুবিধার ‘উয়ি ইউ’ গেমপ্যাডটিতে রয়েছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি। কনসোলটি টেলিভিশনের রিমোট কন্ট্রোলার হিসেবেও ব্যবহার করা যাবে।৬.২ ইঞ্চির এই ডিভাইসটি বিষয়ে প্রযুক্তিবিশ্বে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল।নিনটেনডোর প্রেসিডেন্ট সাতরু আইওয়াতা জানিয়েছেন, প্রথম উয়ি গেম কনসোলটির পরবর্তী সংস্করণ এটি। এতে গাইরো সেন্সর ও মোশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রতিটি নড়াচড়া নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম।আইওয়াতা উয়ি ইউ গেমপ্যাডের সঙ্গে নতুন করে ‘মিভার্স’ নামে একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিয়েছেন। অর্থাত্ উয়ির নতুন এই কনসোলটি গেম-বিষয়ক নতুন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ব্যবহারের সুযোগ করে দেবে। মিভার্সের সাহায্যে ‘মি’ অ্যাভাটার তৈরির সুযোগ পাবেন গেমার।যদিও এই গেম কনসোলটির দাম এখনো প্রকাশ করেনি নিনটেনডো। তবে প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে থাকা অন্যান্য গেমিং কনসোলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন কনসোলটি সাশ্রয়ী মূল্যের হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ৫ জুন থেকে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ‘ই৩’ মেলায় জানাতে পারে প্রতিষ্ঠানটি। বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, গেমিং কনসোলের বাজারে নিনটেনডোর উয়ি ইউ গেমপ্যাডকে মাইক্রোসফট, সনি ও অ্যাপলের সঙ্গে লড়তে হবে।