সামাজিক যোগাযোগে দেশীয় ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগে দেশীয় ওয়েবসাইট
সামাজিক যোগাযোগে দেশীয় ওয়েবসাইট

সামাজিক যোগাযোগ, ক্লাসিফায়েড, ই-কমার্সের সমন্বিত একটি প্ল্যাটফর্ম সোশ্যালনেট ডটকম ডটবিডির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। বেশ কিছুদিন পরীক্ষামূলক সংস্করণে থাকার পর সাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছেন এর উদ্যোক্তারা।

প্রায় দুই দশক ধরে বিদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে কাজ করা সাইদ মাহতাব এই সাইটটির উদ্যোক্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউরাল নেটওয়ার্কের ওপর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা মাহতাব অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন।

দেশের বাইরে আইসিই করপোরেশন ও ইবিজ সলিউশনে কাজ করেছেন এই উদ্যোক্তা। বর্তমানে দেশের কয়েকজন উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে সোশ্যালনেট ডটকম ডটবিডি তৈরি করেছেন সাইদ মাহতাব। 

সাইদ মাহতাব
সাইদ মাহতাব

প্রথম আলোকে মাহতাব বলেন, নিজস্ব উদ্যোগ ও বিনিয়োগে এ সাইটটি তৈরি করা হয়েছে। এটি বিভিন্ন দরকারি সেবার একটি সমন্বিত প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগ বিজ্ঞাপন, জবস, কল কনফারেন্সসহ বিভিন্ন সুবিধা একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। সোশ্যালনেটে গ্রুপ ডিসকাশন, পয়েন্ট রিওয়ার্ডের মতো অভিনব কিছু ফিচার আছে এতে। ফেসবুকের মতো ছবি আপলোড, স্ট্যাটাস আপডেট করা যাবে এ সাইটে। এর পাশাপাশি অনলাইনে পণ্য কেনাবেচার করার জন্য বিজ্ঞাপন দেওয়া, চ্যাটবক্সে কল কনফারেন্স, ই-লার্নিং ও ই-হেলথ সুবিধা নিশ্চিত করার জন্য হোয়াইট বোর্ড এবং সঠিক রেজুলেশনে ফটো-ভিডিও শেয়ারিংয়ের সুবিধা রয়েছে। এত সুবিধা একটি প্ল্যাটফর্মে সমন্বিত থাকায় একে সোশ্যালনেট বলা হচ্ছে।

মাহতাব বলেন, দেশীয় এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশি বয়সের মানুষ এটি ব্যবহার করতে পারবেন। এ জন্য অ্যাকাউন্ট ভেরিফেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই সাইটের শক্তিশালী অ্যাডমিন প্যানেল নারীর প্রতি হয়রানি, অশালীন বক্তব্য, ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট সরিয়ে দেবে। সোশ্যালনেট ডটকম ডটবিডি ব্যবহারকারীদের জন্য পয়েন্টের ভিত্তিতে পুরস্কার পাওয়ার সুবিধাও রয়েছে। সাইট ব্যবহারের ওপর এ পয়েন্ট পাওয়া যাবে যা দিয়ে গিফট ভাউচার পাবেন ব্যবহারকারী।

সোশ্যালনেটের উদ্যোক্তা সাইদ মাহতাব বলেন, ব্যবহারবান্ধব সাইট হিসেবে সোশ্যালনেটকে গড়ে তুলতে নানা ফিচার যুক্ত করার কাজ চলছে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন হিসেবেও সোশ্যালনেট ব্যবহার করা যাবে। শিগগিরই আইওএস প্ল্যাটফর্মেও এই অ্যাপটি চলে আসবে।