
চাঁদের পৃষ্ঠ বা মঙ্গল গ্রহ সম্পর্কে বিস্তর জানলেও নিজ গ্রহ পৃথিবীর সমুদ্র সম্পর্কে এখনো অনেক কিছুই আমাদের অজানা৷ সমুদ্রের নানা রহস্য উন্মোচন করতে ভবিষ্যতে সমুদ্র গবেষণার জন্য ফরাসি স্থপতি জ্যাক রগোরি তৈরি করেছেন সি-অরবিটার নামের বিশেষ এক নৌযানের নকশা৷ অনেকটা বিজ্ঞান কল্পকাহিনিতে বর্ণিত নৌযানের মতো সি-অরবিটারের একটা বড় অংশই থাকবে পানির নিচে৷ এটির সম্ভাব্য নির্মাণ ব্যয় প্রায় চার কোটি ৮০ লাখ মার্কিন ডলার৷ ২০১৬ সাল নাগাদ এটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে৷
১: চোখ: নৌযানের সবচেয়ে ওপরে অবস্থিত এই অংশ থেকে গবেষকেরা পরিযায়ী পাখি, সামুদ্রিক প্রাণী পর্যবেক্ষণ এবং দীর্ঘ সময়ের জন্য আবহাওয়া নিয়ে গবেষণার সুযোগ পাবেন৷
২: শীর্ষ কার্যালয়: এখান থেকে নৌযানের পাইলট ওপরের সব কাজ নিয়ন্ত্রণ করবেন৷ এর মধ্যে আছে সি-অরবিটারের গতিপথ, চারপাশে একে কেন্দ্র করে ভাসমান নৌযান ও ডুবুরি গবেষকদের কার্যক্রম৷ এ ছাড়া এখানে থাকা বড় আকৃতির পাখা (টারবাইন) ও সৌর প্যানেল পুরো সি-অরবিটারের শক্তির যোগান দেবে৷
৩: আদ্র৴ পরীক্ষাগার: প্রতিবছর গবেষকেরা প্রায় দুই হাজার নতুন সামুদ্রিক প্রাণীর প্রজাতির খোঁজ পান৷ এই সংখ্যা বাড়ানোই সি-অরবিটারের লক্ষ্য৷ এ কাজকে অনেক সহজ করে দেবে সি-অরবিটারের আদ্র৴ পরীক্ষাগার যেখানে থাকবে নমুনা পরীক্ষা থেকে শুরু করে সূক্ষ্মাতিসূক্ষ্ম গবেষণার যন্ত্রপাতি৷
৪: চার গাড়ির গ্যারেজ: সি-অরবিটারের নিচের দিকে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের নিচে থাকা চারটি নৌযান রাখার স্থান৷ এখানে থাকবে দুজনের বসার উপযোগী একটি ডুবোযান, দুটি রিমোটলি অপারেটেড আন্ডারওয়াটার ভেহিক্যাল বা আরওভি (পানির নিচের অংশ পর্যবেক্ষণের দূরনিয়ন্ত্রিত যন্ত্র) ও ছয় হাজার মিটার পানির গভীরে কার্যক্ষম একটি মানুষবিহীন সাবমেরিন ড্রোন৷
৫: তথ্যকেন্দ্র: সি-অরবিটারের তথ্য ও যোগাযোগ কেন্দ্র৷ জুলভার্নের বিজ্ঞান কল্পকাহিনির চরিত্র ক্যাপ্টেন নিমোর নামে এর নাম দেওয়া হয়েছে নিমো৷ এর মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সি-অরবিটার সার্বক্ষণিক যোগাযোগ রাখবে এবং নতুন আবিষ্কার সম্পর্কে বিশ্বকে জানাবে৷
৬: সাগরতলে মানুষের আবাসন: পানির নিচে সি-অরবিটারের এই অংশে ছয়জনের বসবাসের সুযোগ রাখা হয়েছে৷ নির্বাচিত ছয় সদস্য এই অংশে থাকার কারণে তাঁদের শরীর পানির নিচে থাকার জন্য বিশেষ উপযোগী হয়ে উঠবে৷ মানিয়ে নেওয়ার এই ক্ষমতা অর্জনের ফলে তাঁরা পানির নিচে ১০০ মিটার গভীর পর্যন্ত প্রতিদিনই থাকতে পারবেন৷
সূত্র: পপুলার সায়েন্স৷