সারকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে এত সার গেল কোথায়? গবেষণা করে সারের কিছু হদিস পেয়েছেন মাথায় উৎকৃষ্ট মানের গোবরসমৃদ্ধ রাফি আদনান

খবর: বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) গুদামে কাগজে-কলমে যে সার থাকার কথা, বাস্তবে তা নেই। সরকারের বাণিজ্যিক অডিট অধিদপ্তর সম্প্রতি এক নিরীক্ষায় ৮৬ হাজার ৬৫৭ মেট্রিক টন সারের কোনো হদিস পায়নি। ওই সারের বাজারমূল্য ২২৬ কোটি টাকা। (সূত্র: প্রথম আলো, ২৪ জানুয়ারি ২০১৭)

.
.

‘এ’ প্লাস বাড়াতে কাজে লাগানো হয়েছে
আমরা জানি, সার ফলন বাড়ায়। দেশে ‘এ’ প্লাসের ফলনও বাম্পার। গবেষণা করে জানা গেছে, উধাও হয়ে যাওয়া ২২৬ কোটি টাকার সার কোনো একসময়ে পরীক্ষার ফলের গোড়ায় দেওয়া হয়েছিল। এরপর থেকে সারের প্রভাবে ‘এ’ প্লাসের হার বেড়েই চলেছে।

.
.

নতুন রেসিপিতে ব্যবহৃত হয়েছে
ইদানীং আমাদের দেশে নানা ধরনের নতুন নতুন রান্নার রেসিপি উদ্ভাবিত হচ্ছে। নুডলসের বিরিয়ানি, সেমাই দিয়ে ঝালমুড়ি ইত্যাদি। এরই ধারাবাহিকতায় সার দিয়ে নতুন কয়েকটি রেসিপি উদ্ভাবন করেছেন রন্ধনবিশারদেরা। যেমন: সারের চপ, সারাজু, সাগুনি। এ ছাড়া এক কাপ সারের সঙ্গে দুই কাপ চিনি দিয়ে আরেকটি নতুন রেসিপিও বানানো হয়েছে বলে জানা গেছে।

.
.

প্রেমিকের মস্তিষ্ক উর্বর করতে
প্রেমিক মানেই প্রেমিকার কাছে বোকাসোকা একটা ছেলে। দিন বদলেছে; প্রেমিকেরাও হয়ে গেছেন চালাক। প্রেমিকার ঝুটঝামেলা ও নানান প্রতিবন্ধকতা এড়াতে সার ব্যবহার করেছিলেন তাঁরা। গবেষণা সূত্রে জানা যায়, এর ফলে প্রেমিকদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি! 

.
.

ব্যাচেলরদের ঘড়িতে সময় বাড়াতে
ব্যাচেলরদের ঘড়িটা একটু ভিন্ন। তাঁরা দুপুর ১২টাকে সকাল ৬টা ভাবেন। রাত ১২টাকে ভাবেন সন্ধ্যা ৬টা। এমতাবস্থায় তাঁদের ঘড়ি হওয়া উচিত ছিল ৪৮ ঘণ্টার। তাই কিছু বুদ্ধিমান ব্যাচেলর তাঁদের ঘড়িতে ব্যাটারির বদলে সার দিয়ে রেখেছিলেন। এতে ঘড়ির সময়ও বেড়ে গিয়েছিল। 
টাকা আনতে সার
প্রবাদ ছিল, ‘টাকায় টাকা আনে’। এখন সেটাতে পরিবর্তন এসেছে, ‘সারে টাকা আনে’। আগেই বলা হয়েছে, সারের গুণে ফলন বাড়ে। সেই সূত্রে মাটির নিচে টাকা রেখে আশপাশে সার ছিটিয়ে দেওয়া হয়েছিল। এরপর সেই টাকা জন্ম দিয়েছিল নতুন টাকার!