সারপ্রাইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উপসংহারের আগে
ঘরের ভেতর নিয়মিত বিরতিতে বজ্রপাত হচ্ছে। চিন্তার কিছু নেই, ড্রয়িংরুমে আমারই কেনা ৪২ ইঞ্চি টিভিতে ভারতীয় সিরিয়াল চলছে (যা আমি একেবারেই সহ্য করতে পারি না)। টিভির রিমোট আমার কাছে। রিমোটের ব্যাটারিও ঠিক আছে। তবু চ্যানেল বদলানোর ক্ষমতা নেই আমার। ‘সৃষ্টিকর্তা সবাইকে সব ক্ষমতা দেন না’—কথাটা প্রায়ই শুনি। খুব সত্য কথা। ‘রেজওয়ান, সাউন্ডটা বাড়াও তো।’ আদেশ শুনে ভলিউম বাড়ালাম। মনে পড়ে গেল কদিন আগের কথা।
কদিন আগে যা ঘটেছিল
অফিসের বারান্দায় বসে রাস্তার দৃষ্টিনন্দন জ্যাম দেখছি। কত গাড়ি। আটকে থাকা গাড়ি দেখেই ঠিক করা যায় কোনটা কেনা উচিত। এমন সময় অ্যাকাউন্টসের সেলিম ভাই এসে বললেন,
‘কিরে ভাই, ঘন ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন; মন খারাপ নাকি?’
: হুঁ।
: বেতন কি আপনার অ্যাকাউন্টে না গিয়ে কোনোভাবে বউয়ের অ্যাকাউন্টে অটো চলে যাচ্ছে?
: আরে, না। এবার রিনির বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে ঈদ করতে হবে।
: ও নো! আপনি ম্যাড নাকি? এই সিদ্ধান্ত কেন নিলেন?
: গত ঈদ আমার গ্রামের বাড়িতে করেছি। শর্ত অনুযায়ী এবার...
: আপনারা দেখি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ঈদ করেন! শ্বশুরবাড়িতে ঈদ করা যে কী যন্ত্রণা, ভাই! সবার জন্য জামা-কাপড় তো কিনতে হয়ই, তারপর দু-একটা বদমাইশ বলে, ‘দুলাভাই, এটা কী কিনলেন? আপনি এত খ্যাত কেন?’ আর একটু পরপর অপরিচিত পোলাপান এসে বলে, ‘চিনতে পারছেন? আমি আপনার অমুক সম্পর্কে শালা। সালামি দ্যান।’ একই ছেলে দুবার এসে সালামি নিয়েছে! শালার সালামি!
: একদম সরিষার তেলের মতো খাঁটি কথা বলেছেন। ঈদের সময়, কোথায় বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করব, তা না। শ্যালিকার সঙ্গে সেলফি তোলো, আইসক্রিম কিনে দাও; কথা বলার কেউ নেই। শ্বশুরের সঙ্গে কথা বলা যায়, বলেন? উনি একজন জীবন্ত টাইম মেশিন। যেকোনো প্রসঙ্গে অতীতে চলে যান। এমনিতে কাল তিন প্রকার হলেও উনার কাছে মনে হয় কাল একটাই—অতীত কাল। ‘অফিসে কাজকর্ম ঠিকমতো চলছে তো? অবশ্য এখন আর কী কাজ হয়? সব তো কম্পিউটারেই করো। কাজ হতো আমাদের সময়ে। প্রতিটা স্টেটমেন্ট হাতে লিখতাম, বুঝলে?’ মাছ খাবেন, সেখানেও একই কথা। ‘এটা কী মাছ? ইলিশ? এ তো জাটকা। ইলিশ খেয়েছি আমরা। দশ এলাকা থেকে লোকে দেখতে আসত, বুঝলে?’ প্যারা! জীবনটা একেবারে প্যারাগ্রাফ মনে হয় তখন!
: মাছের মাথা খেতে দেয় না?
: ও রে ভাই, সে যে কী পেইন! শখ করে একবার-দুবার খাওয়া যায়। প্রতিদিন? আর শাশুড়ির স্পেশাল মেন্যু তো আছেই। চিন্তা করেন, ঈদের দিন আমার শাশুড়ি গদগদ গলায় বলেন, ‘এটা কিন্তু স্পেশাল। নিজ হাতে বানিয়েছি।’ খাবারটা আন্দাজ করতে পারেন?
: নুডলস অথবা চটপটি?
: নুডলস! যে জিনিস আমি-আপনি প্রতিদিন নিচে গিয়ে খাই। ২০ টাকা প্লেট।
ঈদের দিন মানুষ নুডলস খাবে কেন? আর কে যে এদের বাসায় চটপটি বানাতে বলে! ডালের মধ্যে কিছু ফুচকা ফেলে দিলেই কি চটপটি হয়? পত্রিকার রেসিপির পরীক্ষা চলে আমাদের ওপর। আমি ঠিক করেছি লাইফস্টাইল পাতার কাউকে পেলে বাসায় দাওয়াত দেব। খেয়ে দেখুক, কেমন লাগে! কী বলব, এসবের জন্যই মন খারাপ। ছুটিও নেব না ভাবছি। শ্বশুরবাড়ি থেকে ছুটি নষ্ট করার মানে হয় না।
: ভালো সিদ্ধান্ত। যাচ্ছেন কবে? টিকিট পেয়েছেন?
: আরে সিনেপ্লেক্সের টিকিটই পাওয়া যায় না, এ তো বাসের টিকিট। কোত্থাও নাই। বাস মালিক সমিতির একজনকে বলেছি। আমাদেরই ক্লায়েন্ট। সে বলে, ‘প্লেনের টিকিট ম্যানেজ করে দিতে পারব, বাসেরটা বলতে পারি না।’ তা-ও ম্যানেজ করে দেবে বলেছে...আরে, বলতে না বলতেই এসএমএস। একটা মিনিট ভাই, একটু চেক করে দেখি।
এসএমএসটা পড়েই ‘ইয়েস’ বলে চিত্কার দিলাম আমি। চিত্কার শুনে সেলিম ভাই অবাক!
: টিকিট পেয়েছেন?
: না।
: তাহলে খুশি কেন?
: খুশি হব না? টিকিট পাই নাই। যেতে হবে না। সাত দিন ছুটি নেব। ঘরে বসে আরাম করে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ দেখব। অনেক দিন মুভি দেখা হয় না। অফিস থেকে বেশ কিছু মুভি ডাউনলোড করেছি। সেগুলো দেখব। কী যে ভালো লাগছে, সেলিম ভাই!

ছুটির দরখাস্ত দিতে দেরি হলো না একটুও। রিনিকে বললাম, টিকিট পাওয়া যায়নি। ‘খুব কষ্ট পেয়েছি, আসার অনেক ইচ্ছা ছিল!’—এমন ভাব করে শ্বশুর-শাশুড়িকে জানালাম। সবাই খুব মন খারাপ করল। স্বাভাবিক। আমি যখন বাংলাদেশের খেলার টিকিট পাই না তখন আমারও খুব মন খারাপ হয়। তবে ছুটির কথা কাউকে বললাম না। ছুটিটা পেলে সারপ্রাইজ দেব রিনিকে।
আজ অফিসে এসে শুনি, ছুটি পেয়ে গেছি। রিনির ফোন পেয়েই সঙ্গে সঙ্গে বললাম, ‘সারপ্রাইজ আছে একটা।’ রিনি বলল, সেও একটা সারপ্রাইজ দেবে। মনটাই ভালো হয়ে গেল। অনেক দিন পর ছুটি পেলাম। বাসায় ঢুকে কাব্যিক সুরে বললাম, ‘সাত দিনের ছুটি পেয়েছি, রিনি! সারপ্রাইজ!’ সঙ্গে সঙ্গে দরজার আড়াল থেকে ‘ভউ’ বলে চিত্কার করে উঠল আমার ছোট শ্যালিকা। চমকে তিন হাত পেছনে গিয়ে দাঁড়ালাম। ‘সারপ্রাইজ!’ শ্যালিকার সঙ্গে দেখি পিচ্চি শ্যালকও এসেছে! ‘রেজওয়ান, কেমন আছ বাবা?’ সেকি! এ তো আমার শ্বশুরের কণ্ঠ। ওই তো, পাশের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলছেন, ‘যেতে পারছ না দেখে এত মন খারাপ করলে, খারাপই লাগল। চলে এলাম। সবাই ঈদে ঢাকা ছাড়ে, আমরা না হয় ঢাকায় এলাম। এটা অবশ্য তোমার শাশুড়ির বুদ্ধি। অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। হা হা হা।’
রিনি আহ্লাদে গদগদ হয়ে বলল, ‘চমকে গেলে তো? খুশি হয়েছ না?’
: হ্যাঁ, খুব খুশি হয়েছি। বাংলাদেশ সিরিজ জিতলেও আমি এত খুশি হই না।
শ্যালিকা বলল, ‘দুলাভাই, সাত দিন ছুটি পেয়েছেন, আমাদের কিন্তু ফ্যান্টাসি কিংডম, ফিউচার পার্ক সব ঘুরতে নিয়ে যাবে।’
: অবশ্যই। তোমাদের তো পাসপোর্ট নাই। থাকলে চীন-জাপানও ঘুরিয়ে আনতাম।
শ্বশুর আমার কাঁধে হাত দিয়ে বললেন, ‘আমি সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট উন্মুক্ত করেছি। তোমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, একসেপ্ট কোরো। আসলে জামাই-শ্বশুর সম্পর্কটা তো খুবই ফ্রেন্ডলি, কী বলো?’
: জি।
: কাল ভোরে আমরা দুই বন্ধু মিলে তাহলে ঈদের বাজারটা সেরে ফেলি, কী বলো? এবার তোমার শাশুড়ি নিজের হাতে রান্না করবে বলেছে। অত্যন্ত ভালো রন্ধনশিল্পী।
: জি জি।
তারপর আর কী! ভোরবেলা বাজার সেরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, অ্যাশেজ সিরিজ বাদ দিয়ে এখন শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসে ভারতীয় সিরিয়াল দেখছি। শাশুড়ি আমাকে সাত শ পর্বের কাহিনি এক দিনে বোঝানোর চেষ্টা করছেন, ‘শোনো, এই যে মেয়েটা, খুব ভালো। শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে। কিন্তু সবাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সবাই ওর শত্রু।’
: মেয়েটা ভালো হলে সবাই ওর শত্রু হতে যাবে কেন?
: আহা, তুমি বুঝবে না। সাউন্ডটা বাড়াও তো একটু। শুনতেই পাচ্ছি না ঠিকমতো।
আমি সাউন্ড বাড়াই আর দীর্ঘশ্বাস ফেলি।