সারফেসের ম্যারাথন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেটের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট ফোনসহ নতুন অনেক পণ্যই তৈরি করতে পারে মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটির সারফেস ব্র্যান্ডের মহাব্যবস্থাপকের ভাষ্য, সারফেস নিয়ে স্প্রিন্ট নয়, ম্যারাথন দৌড়াবে মাইক্রোসফট। অর্থাত্, ধীরে ধীরে এ ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।মাইক্রোসফট কর্তৃপক্ষের ভাষ্য, সারফেস ব্র্যান্ডের পণ্যের চাহিদা বাড়ছে। সারফেসের যাত্রা কেবল শুরু হয়েছে। সারফেসের মহাব্যবস্থাপক প্যানস প্যানি মাইক্রোসফটের নতুন পণ্য সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেন, সারফেসের দৌড় শুরু হয়েছে। স্প্রিন্ট নয়, ম্যারাথন দৌড়াবে সারফেস। সারফেস নিয়ে গবেষণা, উন্নয়ন, হার্ডওয়্যার তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে মাইক্রোসফট। তাই এ নিয়ে পরিকল্পনা ব্যাপক।সম্প্রতি উইন্ডোজ ৮-নির্ভর সারফেস প্রো ট্যাব বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ১২৮ গিগাবাইট মডেলের ১০.৬ ইঞ্চি মাপের এ ট্যাবলেট প্রাথমিকভাবে সাড়া ফেলেছে বলেও মাইক্রোসফটের কর্মকর্তারা দাবি করেছেন। অবশ্য ট্যাবলেট বিক্রির সংখ্যা প্রকাশ করেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।১১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সারফেস প্রোর বিক্রি নিয়ে খুশি প্রতিষ্ঠানটি। এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা এ ট্যাবলেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১২ সালের শেষ তিন মাসে সারফেস ট্যাবলেটের প্রথম সংস্করণ উইন্ডোজ আরটি-নির্ভর সারফেস ট্যাবের ১০ লাখ ইউনিট বিক্রি করতে পেরেছিল প্রতিষ্ঠানটি।