সারা দেশের সরকারি দপ্তরগুলো আসছে এক নেটওয়ার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি দপ্তরগুলো এক নেটওয়ার্ক অবকাঠামোর আওতায় আসছে। এ জন্য গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্মেন্ট—বাংলাগভনেট’ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘যেকোনো উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে নেই। অফিসের দৈনন্দিন কার্যক্রমে কাগজের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব প্রকল্প হিসেবেও এটি বিবেচিত হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদিক বলেন, ‘ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য দেশব্যাপী উপযুক্ত নেটওয়ার্ক ব্যাকবোন স্থাপিত হবে।’
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ২২৭টি অধিদপ্তর, দপ্তর, সংস্থা, ৬৪টি জেলা ও প্রত্যেক জেলার একটি করে উপজেলা নেটওয়ার্ক ব্যাকবোনে চলে আসবে। এতে করে দ্রুত তথ্য আদান-প্রদান, ভিডিও সম্মেলন ও আইপি ফোন ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। প্রকল্পের আওতায় ঢাকায় ৪৩ কিলোমিটার ফাইবার অপটিক তারের সংযোগ লাইন বসানো হয়েছে। বিসিসি ভবনে নেটওয়ার্ক পরিচালন কেন্দ্রও চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ান ইয়ং লি, মন্ত্রিপরিষদ সচিব মো. নজরুল ইসলাম, আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলা গভনেটের প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান এবং প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এসকে সি অ্যান্ড সি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সো ইয়ং লিসহ অনেকে। ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট (বাংলাগভনেট) প্রকল্পটি বিসিসি বাস্তবায়ন করেছে। কোরিয়া সরকার এ প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে।
রাহিতুল ইসলাম