সারাইখানা
আমি কিশোরগঞ্জে কম্পিউটার ব্যবসা করতে চাই। কিন্তু এ বিষয়ে জানার জন্য কোনো অভিজ্ঞ মানুষকে পাচ্ছি না।
পরামর্শ দিন।
মো. রকি
সমাধান: প্রথমেই খুঁজে বের করুন আপনার সম্ভাব্য ক্রেতারা বর্তমানে কী পাচ্ছে না এবং আপনি সে ক্ষেত্রে কীভাবে সেগুলো পূরণ করতে পারবেন। এগুলো যেমন কম্পিউটার যন্ত্রাংশ হতে পারে তেমন সার্ভিস বা সেবাও হতে পারে। এরপর বের করবেন কত বিনিয়োগ করলে বিভিন্ন পর্যায়ে কখন কত লাভ বা ক্ষতি হতে পারে। এই বিনিয়োগ মানে দোকানভাড়া, কর্মী নিয়োগ, যন্ত্রপাতি সংগ্রহ ইত্যাদি বোঝায়। প্রচারের পরিকল্পনাও এই বিনিয়োগের মধ্যে থাকবে। এসব হিসাবনিকাশ সূক্ষ্ম ও গভীরভাবে করার পর যদি আশাপ্রদ মনে হয় তবেই পরবর্তী পদক্ষেপের জন্য এগোনো যায়।
আমি নবম শ্রেণিতে পড়ি। আমি ল্যাপটপ না ডেস্কটপ কম্পিউটার কিনব?
সাদাত রহমান
সমাধান: বিদ্যুতের কী অবস্থা? এ নিয়ে বিশেষ ঝামেলা না থাকলে আমি তো প্রথম যন্ত্র হিসেবে ডেস্কটপ কম্পিউটারই পছন্দ করতাম।
পরামর্শ দিয়েছেন—
আহমেদ হাসান, প্রধান সমন্বয়ক, বিসিএস কম্পিউটার সিটি, ঢাকা এবং
প্রধান নির্বাহী, রায়ানস আইটি লিমিটেড
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড জিটি-আই ৯০৮২ স্মার্টফোনে থ্রিজি চালু করলে ফোনটি ২ সেকেন্ড পরপর বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমার মাইক্রোম্যাক্স এস ৩০০ ফোনে অ্যাপ ইনস্টল করতে অনেক সময় নেয়। এর কোনো প্রতিকার আছে কি? কী করতে পারি?
রিজন আর কে খান
সমাধান: আপনার প্রশ্নের দুটি অংশ। প্রথম অংশের ক্ষেত্রে ফোনের ব্যাটারি অনেক পুরোনো হয়ে গেলে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে আপনি ফোনটি রিসেট দিয়ে দেখতে পারেন। রিসেট করলে ফোনের মেমোরিতে থাকা সব তথ্য মুছে যাবে।
দ্বিতীয় অংশের জন্য পরামর্শ—দীর্ঘদিন ধরে ফোন ব্যবহারের ফলে ফোন ধীরগতিতে কাজ করতে পারে। রিসেট দিন, আশা করি ঠিক হবে।
ম্যাক্সিমাস ম্যাক্স-৯০৮ ফোনে মাঝেমধ্যে unfortunatly stoped from google play বার্তা আসে। এ সমস্যার সমাধান কী?
রায়হান
সমাধান: গুগল প্লেস্টোর থেকে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে দেখতে পারেন, এতে কাজ না হলে ফোন রিসেট করুন।
আমার মোবাইল ফোনে ডেটা কেবল দিয়ে কম্পিউটারের গান ভরতে পারছি না। উইন্ডোজ ৭ ও ৮ দিয়ে হয়। তবে উইন্ডোজ এক্সপি দিয়ে হয় না। আমার ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমো জিএম মিমি।
আনিস খান
সমাধান: উইন্ডোজ এক্সপি বেশ আগের অপারেটিং সিস্টেম, এখনকার আধুনিক স্মার্টফোনগুলো এতে কাজ নাও করতে পারে। ফাইল আদান-প্রদানের জন্য কার্ড রিডার ব্যবহার করে দেখতে পারেন।
পরামর্শ দিয়েছেন—
মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস, ঢাকা।
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected] ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom