সারাইখানা
আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে ১০০ শতাংশ চার্জ করে ইন্টারনেট সংযোগ চালু করলেই চার্জ নেমে আসে ২০ শতাংশে। কী করব?
সনত উল্লাহ
সমাধান: ফোনের ব্যাটারি অনেক পুরোনো হয়ে গেলে এমন সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে আপনার ফোনের চার্জার ও ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারেন।
মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ স্মার্টফোনে কীভাবে উইন্ডোজ ১০ ইনস্টল করব?
মো. আবদুল কাইয়ুম
সমাধান: ফোনে সেটিংস অপশন থেকে ফোন আপগ্রেড সিলেক্ট করুন। আপনার ফোন যদি উইন্ডোজ ১০ সমর্থিত হয়, তাহলে সেখানে আপগ্রেড করার অপশন পাবেন।
আমি আমার মোবাইল থেকে হাইডেফিনেশন (এইচডি) ভিডিও নামাতে পারছি না। ডাউনলোড করতে গেলে তা এমপিফোর ফরম্যাটে রূপান্তর হয়ে নামে। সব ব্রাউজারে একই অবস্থা। কী করতে পারি?
আবদুল ওয়াদুদ
সমাধান: অনলাইন স্টোর থেকে ইউটিউব ডাউনলোডার ইনস্টল করে নিন। এটি দিয়ে বিভিন্ন ফরম্যাটের ভিডিও নামানো যায়।
অ্যান্ড্রয়েড ফোনের রুট করা মানে কী? এটা ফোনের জন্য ভালো না খারাপ?
সোহামি ইসলাম
সমাধান: রুট করা মানে হলো ফোনের সিস্টেমকে ওভাররাইট করার উপযোগী করা। এর ফলে আপনি ফোনের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিতে পারবেন, ফোনের বিভিন্ন নির্দেশ বা কমান্ড পরিবর্তন করতে পারবেন। অনেক সময় রুট করার ফলে ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারে সমস্যা দেখা দিতে পারে। তাই রুট করলে সাবধানতার সঙ্গে করা উচিত। ভালো হয় দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে কাজটি করানো।
আমার সিম্ফনি ৬৮কিউ ফোনে ইন্টারনেট সংযোগ চালু করলেই টাকা কাটা শুরু হয়। ব্রাউজারে না গিয়ে বা ইন্টারনেট ব্যবহার না করেই এ রকম হচ্ছে। কী করব?
কনক আহমেদ
সমাধান: ফোনে অনেক ধরনের অ্যাপ থাকে যা স্বয়ংক্রিয়ভাবেই ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করে। সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে এটি বন্ধ করতে পারেন। এ ছাড়া ডেটা ইউজেস অপশন থেকে আলাদা আলাদাভাবে প্রতিটি অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার,
ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected]
েসবুক: www.fb.com/ProjonmoDotCom