সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমি আগে ব্যবহৃত একটা (সেকেন্ড হ্যান্ড) ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করছি। কেনার আগে কম্পিউটার সম্পর্কে আমার ধারণা ছিল না। তবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় বিষয়টি আমি জানি। একটি ভাইরাস আমার ফাইল, সফটওয়্যারগুলোকে শর্টকাট বানিয়ে দিচ্ছে। এ জন্য আমার বন্ধুরা আমার কম্পিউটারে ইউএসবি ড্রাইভ সংযুক্ত করতে চায় না। আমি একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করি। সেটা দিয়ে সমস্যার সমাধান হচ্ছে না। এখন আমি কী করব?
ভূপতি বর্মন
সমাধান: নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে প্রথমে লাইসেন্স আছে এমন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ দিয়ে পুরো কম্পিউটার স্ক্যান করুন। এরপর যেকোনো পেনড্রাইভ, মেমোরি কার্ড বা বহনযোগ্য হার্ডডিস্ক ইউএসবি পোর্টে যুক্ত করার সময় সেটি স্ক্যান করে নেবেন।

* আমার ল্যাপটপ কম্পিউটারে চার্জ হয় না। চার্জার লাগালেও লেখা আসছে ‘নট চার্জিং’। কী করব?
মিনহাজুর রহমান
সমাধান: ‘নট চার্জিং’ সমস্যা অ্যাডাপ্টর অথবা ব্যাটারির সমস্যার জন্য হয়ে থাকে। এ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের মাধ্যমে অ্যাডাপ্টর অথবা ব্যাটারির সমস্যা শনাক্ত করুন।

* আমার ডেস্কটপ কম্পিউটারে ইন্টেল পেন্টিয়াম ডি প্রসেসর এবং ফক্সকন মাদারবোর্ড আছে। এই কম্পিউটারে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে মাদারবোর্ড ডিস্ক ইনস্টল নিচ্ছে না।
কী করব?
এ ডি হোসেন
সমাধান: পেন্টিয়াম ডি প্রসেসর উইন্ডোজ ৮.১ সমর্থন করে, সে ক্ষেত্রে পিএই, এনএক্স ও এসএসই-২ থাকতে হবে এবং হার্ডডিস্কে কমপক্ষে ১৬ গিগাবাইট জায়গা এবং ২ গিগাবাইট র্যাম লাগবে।

* ল্যাপটপ কীভাবে ব্যবহার করলে ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে? চার্জার লাগানো অবস্থায় ল্যাপটপ ব্যবহার করা কি ভালো?
এম রিমন রহমান
সমাধান: ব্যাটারির চার্জ বেশিক্ষণ রাখার জন্য যতটুকু সম্ভব পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখুন। প্রয়োজন ছাড়া ল্যাপটপের পর্দা অফ করে রাখুন অথবা স্ক্রিন সেভার ব্যবহার করুন। স্বল্প সময়ের জন্য ল্যাপটপ ব্যবহার না করলে Hibernate মোডে রাখুন। ১৫ শতাংশ চার্জ বাকি থাকতেই ল্যাপটপ চার্জ করান। মাঝে মাঝে ১০০ শতাংশ চার্জ হলে সংযোগ খুলে রাখুন। অ্যাডাপ্টর ও ব্যাটারির রেটিং দেখে আসল যন্ত্রাংশ ব্যবহার করুন।

* আমি ফুজিৎসু ল্যাপটপ ব্যবহার করি। বেশ কিছুদিন ধরে ল্যাপটপের ব্যাটারির চার্জ ১০০ শতাংশ হওয়ার পর ৯৫ শতাংশে নেমে যায়। এ ক্ষেত্রে আমি কী করব? আমি দুই বছর ধরে ল্যাপটপ ব্যবহার করছি।
তাপস এস টিপু
সমাধান: প্রথমে ব্যাটারির চার্জ ০ শতাংশ করে পুনরায় ১০০ শতাংশ চার্জ করুন। এটি পরপর তিনবার করুন।
পরামর্শ দিয়েছেন: আশরাফুল আলম
সার্ভিস কো–অর্ডিনেটর, কম্পিউটার সোর্স লিমিটেড