সারাইখানা
* অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের রুট করলে কোনো ক্ষতি হয়?
মিলন সরকার, জয়পুরহাট
সমাধান: রুট করা মানে হলো ফোনের সিস্টেমকে ওভাররাইট করার উপযোগী করা। এর ফলে আপনি ফোনের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিতে পারবেন, ফোনের বিভিন্ন নির্দেশ পরিবর্তন করতে পারবেন। অনেক সময় রুট করার ফলে ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারে সমস্যা দেখা দিতে পারে। তাই রুট করলে সাবধান থাকা উচিত। রুট করার পর অনেক মোবাইলের বিক্রয়োত্তর সেবা পাওয়া যায় না।
* আমার স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ চালু করলেই টাকা কাটা শুরু হয়। কোনো ওয়েবসাইট কিংবা ব্রাউজারে যাওয়ার আগেই এমন হয়। কী করব?
আবদুর রাজ্জাক, ঝিনাইদহ
সমাধান: ফোনে অনেক ধরনের অ্যাপ থাকে, যা স্বয়ংক্রিয়ভাবেই ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করে। সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে এটি বন্ধ করতে পারেন। এ ছাড়া ডেটা ইউজেস অপশন থেকে আলাদা আলাদাভাবে
প্রতিটি অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
* কিছুদিন আগে আমার মোবাইল ফোনটি রুট করেছি। এখন ডেটা ইউজেস অন করলে সিস্টেম ইনফো স্টপ দেখায়। ব্রাউজারে গেলেই সিস্টেম ইনফো স্টপ হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কী করব?
মো. জুবায়ের, নরসিংদী
সমাধান: রুট করার কারণে এমন সমস্যা হয়েছে। ফোনটি রিসেট করে নিলে সমস্যার সমাধান হতে পারে, আর
তা না হলে ফোনটি আনরুট করুন। এভাবে না হলে কোনো সার্ভিস সেন্টারে দেখাতে পারেন।
* আমার স্যামসাং ফোনটি রুট করতে চাই। কয়েকটি পদ্ধতিতে চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। কী করব?
আহমেদ মুবিন, চট্টগ্রাম
সমাধান: ফোনের মডেল এক হলেও কিছু হার্ডওয়্যারের কারণে একই রুট পদ্ধতি কাজ নাও করতে পারে। ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে। সেগুলো দেখে দেখে চেষ্টা করে দেখতে পারেন। তবে রুট করার আগে ওয়ারেন্টি আছে কি না জেনে নিন।
পরামর্শ দিয়েছেন: কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস