সারাদেশে পালন করা হবে মুক্ত সফটওয়্যার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের শুরু থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার জন্য উইকি ডে পালন করা হবে।ঢাকার বাইরে মুক্ত সফটওয়্যারের প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো হবে। সেপ্টেম্বরের তৃতীয় শনিবার মুক্ত সফটওয়্যার দেশব্যাপী পালন করা হবে।গত ৭ থেকে ১০ ডিসেম্বর খুলনা ও সুন্দরবনে অনুষ্ঠিত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) প্রথম কংগ্রেসে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ ডিসেম্বর রাতে খুলনা থেকে সুন্দরবন যাওয়ার পথে লঞ্চের ছাদে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান কংগ্রেসের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘মুক্ত সফটওয়্যার ও মুক্ত দর্শন প্রসারের জন্য সারা দেশে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবীদের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের একটি ক্ষেত্র এই কংগ্রেস।’ তিন দিনের এ আয়োজনে ছিল বিডিওএসএনের পূর্ববর্তী কাজের মূল্যায়ন, ভবিষ্যর‌্যা পরিকল্পনা, মুক্ত সফটওয়্যার বিষয়ে কর্মশালা, আলোচনা, বাংলা উইকিপিডিয়া ইত্যাদি নিয়ে আলোচনা। খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) প্রধান মাহবুবুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান কে এম আজহারুল হাসান, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান আহসান হাবিব, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ বিডিওএসএনের সদস্য, শিক্ষক, মুক্ত পেশাজীবী ও সহযোগী সংগঠনের দেড় শতাধিক সদস্য কংগ্রেসে অংশ নেন। এই আয়োজনে ২০১৩ সালে সেন্ট মার্টিনে দ্বিতীয় কংগ্রেসের ঘোষণা দেওয়া হয়। কংগ্রেসের পৃষ্ঠপোষক হিসেবে ছিল আসুস, টেলিটক, বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (বিআইআইসি), ওরাটর পিআর, সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্ট ও তাম্রলিপি।উল্লেখ্য, মুক্ত সফটওয়্যার প্রচার, প্রসার ও মুক্ত সফটওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধ করার নানা ধরনের কার্যক্রম প্রসারে ২০০৫ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে বিডিওএসএন। —নুরুন্নবী চৌধুরী