
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি প্রমোদতরির (ক্রুজ শিপ) ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে আছেন সারাহ
ব্রেটন। যুক্তরাজ্যের পিঅ্যান্ডও নামের এ প্রমোদতরিতে আছেন ৫৫০ জন ক্রু।এর যাত্রীধারণ ক্ষমতা এক
হাজার ২০০ যাত্রী। আর এ জাহাজের প্রথম নারী ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন সারাহ। বর্তমানে
তার পদ ‘মাস্টার অব দ্য শিপ’।
১৯৬৮ সালে জন্ম সারাহর। ছোটবেলা থেকেই সমুদ্র নিয়ে বেশ আগ্রহ তাঁর। উগান্ডায় একটি প্রমোদতরিতে
প্রথম ভ্রমণের সুযোগ পান মাত্র ১১ বছর বয়সে। সেটি ছিল নিজের বিদ্যালয়ের একটি ভ্রমণ। পরবর্তী সময়ে
নিজের আগ্রহ থেকেই পড়াশোনা করার সময় কানাডিয়ান প্যাসিফিকের একটি কার্গো জাহাজে যোগ দেন। পরে
সাউথ টেনিসাইড কলেজ থেকে ক্যাডেটশিপ প্রশিক্ষণ নেন। পাশাপাশি করেন স্যান্ডউইচ-স্টাইল প্রশিক্ষণও!
এরপর অফিসার পদের জন্য বিশেষ সনদপত্র অর্জন করেন সারাহ। আর পড়াশোনা শেষ করেই যোগ দেন
সমুদ্র দাপিয়ে বেড়ানো জাহাজে। পিঅ্যান্ডও প্রমোদতরিতে দীর্ঘদিন ধরে কাজ করে অবশেষে পান জাহাজের সর্বোচ্চ অধিকার। নিজের প্রতিষ্ঠানের জাহাজে প্রথম কোনো নারী ক্যাপ্টেন হয়েছেন—বিষয়টি দারুণ এক ব্যাপার বলে মন্তব্য পিঅ্যান্ডওর ব্যবস্থাপনা পরিচালক ক্যারল মারলোর। সারাহর যোগ্যতাই যে তাঁকে এ দায়িত্ব পেতে সাহায্য করেছে, সেটিও মনে করিয়ে দিলেন তিনি।
চাকরির শুরুতে রয়েল প্রিন্সেসের ‘আর্টিমিস’ নামের একটি জাহাজে থার্ড অফিসার হিসেবে যোগ দেন, যা
পরবর্তী সময়ে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রমান্বয়ে ফার্স্ট অফিসার এবং ২০০১ সালে স্টাফ ক্যাপ্টেন হন। নয় বছর
পরে গত বছর দায়িত্ব পান পিঅ্যান্ডওর ক্যাপ্টেন হিসেবে। নতুন দায়িত্ব পেয়েই ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে বলে বেশ খুশি সারাহ ব্রাউন। ভালো লাগা আর দায়িত্বশীলতা থেকে দায়িত্ব পালন করে যেতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ওয়েবসাইট