খুদে বার্তা লেখার (মাইক্রোব্লগিং) ওয়েবসাইট টুইটার বার্তা আদান-প্রদানের পাশাপাশি কার্যকর সার্চ ইঞ্জিন (তথ্য খোঁজার ওয়েবসাইট) হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। তথ্য খোঁজার কাজে বর্তমানে টুইটারের ব্যবহার হয় দৈনিক প্রায় ৮০ কোটিবার। অথচ মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ও ইয়াহু! তথ্য খোঁজার কাজে দৈনিক ব্যবহূত হয় যথাক্রমে ১৩ কোটি ও ৩১ কোটিবার। এ ক্ষেত্রে গুগল অবশ্য সবাইকে অনেক পেছনে ফেলেই শীর্ষে আছে। তথ্য খোঁজার কাজে গুগলের ব্যবহার হয় দৈনিক প্রায় ২৯৩ কোটিবার।টুইটারের মাধ্যমে তথ্য খোঁজার সবচেয়ে বড় আকর্ষণ হল এর মাধ্যমে ‘তাৎক্ষণিক তথ্য’ সহজেই পাওয়া যায়। টুইটারের প্রধান নির্বাহী ইভান উইলিয়ামস দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা খুদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সার্চ ইঞ্জিন হিসেবেও টুইটারকে একটি বিশেষ অবস্থানে দেখতে চাই। এ লক্ষ্যে আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনাও রয়েছে। আমাদের একদল গবেষক ও কর্মী কেবল সার্চ ইঞ্জিনের মানোন্নয়নের জন্যই অনবরত কাজ করে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ করেছি যে, অনেকেই এখন টুইটারে আসেন বার্তা আদান-প্রদানের পরিবর্তে কেবল তথ্য খোঁজার কাজে। এঁদের সংখ্যা দিন দিনই বাড়ছে। সুতরাং, তাৎক্ষণিক ও প্রাসঙ্গিক ফলাফল দিয়ে তাঁদের সাহায্য করার জন্য আমরাও দিন দিন আরও বেশি আগ্রহী হচ্ছি।’ —দ্য টেলিগ্রাফ অবলম্বনে সুজয় দাস