সার্ফিং ইনস্টিটিউটসহ ডিজিটাল সুবিধা পাবে কক্সবাজার

পর্যটন নগরী কক্সবাজারের একটি সার্ফিং ইনস্টিটিউট হতে যাচ্ছে। এ ছাড়াও বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার পাশাপাশি কক্সবাজার জুড়ে ওয়াই-ফাই হটস্পট স্থাপনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মোবাইল অপারেটর এয়ারটেল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে বিচের সৌন্দর্য বর্ধন, রাস্তার দুপাশের সৌন্দর্য বর্ধন, আইসিটি ক্লাব স্থাপন এবং টেলিভিশন, রেডিও, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে কক্সবাজারকে ব্র্যান্ডিং করা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, কক্সবাজারে একেবারে সাশ্রয়ী খরচে বা বিনা খরচেই সার্ফিং শেখাতে একটি ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও কক্সবাজারে বিমানবন্দরকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা হচ্ছে। এয়ারটেলের সঙ্গে চুক্তি হওয়ায় এই সেবাটি চালু রাখতে তারা বিশেষ নজরদারি করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পি ডি শর্মা।
চুক্তি প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রত্যেকটি শহরকে ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলা জরুরি। পর্যটন শহর কক্সবাজার থেকে যাত্রা শুরু হলো।