সাশ্রয়ী দামে দ্রুতগতির ইন্টারনেট আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুতগতির ইন্টারনেট
দ্রুতগতির ইন্টারনেট

প্রায় ১৮০টি দেশের ৩০০ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটনির্ভর যোগাযোগব্যবস্থা (নেটওয়ার্ক) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ফ্রেঞ্চ গায়ানা থেকে সয়ুজ রকেটের মাধ্যমে গত মঙ্গলবার পৃথিবীর কক্ষপথে চারটি স্যাটেলাইট পাঠানো হয়। রকেট উৎক্ষেপণ প্রতিষ্ঠান আরিয়ানস্পেসের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।ইন্টারনেটের প্রসার বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘আদার থ্রি বিলিয়ন’ বা সংক্ষেপে ওথ্রিবি। এতে পুরো আফ্রিকা মহাদেশ, লাতিন আমেরিকার অধিকাংশ অঞ্চল, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপে ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। বিশ্বে বর্তমানে কয়েকটি অঞ্চলে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেটব্যবস্থা চালু থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে ব্যবহূত স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার ওপর দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করছে। এগুলোর ওজন চার থেকে ছয় টনের মধ্যে। তথ্য আদান-প্রদানে এসব স্যাটেলাইট অনেক সময় নেয়। আর ওথ্রিবির বিশেষ স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠ থেকে মাত্র আট হাজার ৬২ কিলোমিটার ওপর দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে। এগুলোর ওজন এক টনেরও কম; মাত্র ৬৫০ কেজি। গতানুগতিক উপগ্রহের চেয়ে ওথ্রিবি প্রকল্পের স্যাটেলাইটগুলো চার গুণ দ্রুত তথ্য সরবরাহ করতে পারবে। বর্তমান স্যাটেলাইট নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহারের যে খরচ পড়ে, নতুন নেটওয়ার্ক কার্যকর হলে তা কমে আসবে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত।

এই প্রকল্পে অর্থায়ন করছে গুগল, লিবার্টি গ্লোবাল, এসইএস, এইচএসবিসি ব্যাংক ও ডেভেলপমেন্ট ব্যাংক অব সাউদার্ন আফ্রিকার মতো প্রতিষ্ঠানগুলো।

নতুন এই ইন্টারনেট সেবা গ্রাহক পর্যায়ে কবে নাগাদ পৌঁছানো সম্ভব হবে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ না করে ওথ্রিবি কর্তৃপক্ষ জানায়, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। আর শেষ চারটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে আগামী বছরের শুরুতেই। এএফপি।