সাশ্রয়ী আইফোন!
যাঁরা সাশ্রয়ী দামে আইফোন কেনার আশা করছেন তাঁদের ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সম্প্রতি খবর রটেছে যে, আগামী বছরের প্রথমভাগেই সাশ্রয়ী দামের আইফোন বাজারে আনবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। জাপানের প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট ম্যাকোতারাকা থেকে অ্যাপলের নতুন আইফোন সম্পর্কিত তথ্য প্রকাশ পেয়েছে।এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী আইফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের নতুন পণ্য নিয়ে প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোতে সব সময়ই গুজব থাকে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গুজবগুলোর একটি হচ্ছে সাশ্রয়ী দামের আইফোন সম্পর্কিত গুজবটি। এ ছাড়াও আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৫এস’, অ্যাপলের হাতঘড়ি ‘আইওয়াচ’ ও ‘আইটিভি’র গুজব প্রচলিত রয়েছে। ম্যাকোতারাকার তথ্য অনুযায়ী, অ্যাপলের সাশ্রয়ী দামের আইফোনটিতে ব্যবহূত হবে পলিকার্বনেট বা বিশেষ প্লাস্টিক। ৪.৫ ইঞ্চি মাপের আইফোনের দাম ৩০০ মার্কিন ডলারের মধ্যেই সীমাবদ্ধ রাখবে অ্যাপল। এশিয়ার বাজার ধরতেই সাশ্রয়ী দামের আইফোনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।