সাশ্রয়ী ক্যামেরা আনবে ক্যানন
বাজারে সাশ্রয়ী দামের ক্যামেরার কদর বাড়ছে। ইলেকট্রনিক পণ্য নির্মাতা ক্যানন ৫ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী, সাশ্রয়ী ও দামি এ দুই ধরনের ক্যামেরা তৈরির দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্যানন কর্তৃপক্ষের ভাষ্য, স্মার্টফোনে বেশি রেজুলেশনের ক্যামেরা যুক্ত হওয়ায় কমপ্যাক্ট ক্যামেরা বিক্রি কমে গেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, ২০১২ সালে ক্যামেরা বিক্রির ক্ষেত্রে বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি। ক্যামেরা সমান মানের স্মার্টফোনই এর জন্য দায়ী।ক্যাননের কর্মকর্তা কাজুদাতা কোবায়শি জানিয়েছেন, ২০১২ সালে কমপ্যাক্ট ক্যামেরার চেয়ে ডিএসএলআর ক্যামেরার বাজার ছিল চাঙা। ৩০ থেকে ৩২ শতাংশ বিক্রি বেড়েছে গত বছরে। স্মার্টফোন নির্মাতা নকিয়া ও স্যামসাংয়ের ক্যামেরা প্রযুক্তির সঙ্গে ক্যাননকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।সাশ্রয়ী দামের ক্যামেরার সঙ্গে হাই এন্ড বা দামি ক্যামেরার প্রযুক্তি যুক্ত করে প্রতিযোগিতার বাজারে ক্যাননকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।ক্যানন কর্তৃপক্ষের ভাষ্য, সাশ্রয়ী দামেই উন্নত ফিচারের ক্যামেরা মানুষের হাতের নাগালে আনবে ক্যানন।