সাশ্রয়ী ট্যাব আনছে মাইক্রোসফট

বাজারে দামে কম এমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবের ছড়াছড়ি। অ্যান্ড্রয়েডকে টেক্কা দিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাশ্রয়ী ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, ভারতের বাজার ধরতেই এই উইন্ডোজ ট্যাব বাজারে ছাড়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
উইন্ডোজনির্ভর ট্যাব তৈরি করবে এইচপি, ডেল এবং ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কার্বন ও লাভা। এই ট্যাবগুলো বাজারে ১০ হাজার রুপির মধ্যে বিক্রি হতে পারে।
ভারতের উইন্ডোজ বিজনেস গ্রুপের প্রধান অমরেশ গয়াল জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজনির্ভর ট্যাবলেটের দাম কমাতে কাজ করছি। উইন্ডোজ ট্যাবলেট বানাতে যে হার্ডওয়্যার থাকা জরুরি তা কমিয়ে আনা হচ্ছে। বাজারে অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিযোগিতা করতে দাম কমানোর ব্যবস্থা হচ্ছে।’
প্রসঙ্গত, এশিয়াতে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাব জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে কম দাম, সহজলভ্যতা ও সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের বাজারে মাইক্রোসফটের সারফেস ট্যাব জনপ্রিয় হলেও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন।
অবশ্য, উইন্ডোজের লাইসেন্স ফি মাইক্রোসফট কমিয়ে আনছে কিনা সে বিষয়ে মুখ খোলেননি অমরেশ। তিনি বলেন, আমরা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে কম দামে উইন্ডোজ ট্যাব তৈরিতে সব ধরনের সহযোগিতা করছি।
এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, পিসি বা কম্পিউটারের বাজারে মাইক্রোসফটের অবস্থান শক্ত হলেও ট্যাবলেটের বাজারে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা ধীরগতির। তাই ট্যাবলেটের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে মাইক্রোসফট।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ৪০ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে মাইক্রোসফট। বাজার দখলের হিসেবে যা মাত্র ২.১ শতাংশ। তুলনামূলকভাবে অ্যাপল বিক্রি করেছে সাত কোটি ইউনিট আইপ্যাড আর অ্যান্ড্রয়েড ট্যাবলেট বিক্রি হয়েছে ১২ কোটি ১০ লাখ ইউনিট।
গার্টনারের গবেষক বিশাল ত্রিপাঠী জানিয়েছে, ‘মাইক্রোসফট যদি তাদের প্রতিশ্রুতি রাখতে পারে তবে অবশ্যই লাভবান হবে। এখনও মাইক্রোসফট ব্র্যান্ড মানুষকে নাড়া দেয়। এখনও অফিসে প্রায় সকলেই উইন্ডোজ পিসিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর সঙ্গে যদি অ্যান্ড্রয়েড ট্যাবের দামেই একটি উইন্ডোজ ট্যাব মেলে মানুষ তা নিঃসন্দেহে লুফে নেবে।’
বিশাল ত্রিপাঠী আরও জানিয়েছেন, ‘কম দামের ট্যাব হয়তো বাজারে হইচই ফেলবে না, কিন্তু এরফলে মাইক্রোসফটের কিছু গ্রাহক বাড়বে। মাইক্রোসফট এই পথে না হাঁটলে মানুষ অ্যান্ড্রয়েডকেই বেছে নেবে।’