সাশ্রয়ী দামে সারফেস ট্যাব!
সাশ্রয়ী দামেই হয়তো মাইক্রোসফটের তৈরি উইন্ডোজনির্ভর ‘সারফেস’ ট্যাবলেট পাওয়া যাবে। এতদিন কম দামি সারফেস ট্যাবলেটের বিষয়টি গুজব আকারে থাকলেও সম্প্রতি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বিষয়টিকে সত্যি বলেই প্রতিবেদনে উল্লেখ করছে। ম্যাশেবল এক খবরে জানিয়েছে, মাত্র ১৯৯ ডলারেই পাওয়া যেতে পারে সারফেস ট্যাব। সারফেস ট্যাবলেটের দাম কত হবে সে বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সারফেস ট্যাবলেটের দাম প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক এ ওয়েবসাইটটি। জানা গেছে, উইন্ডোজ আরটি সংস্করণের ৩২ গিগাবাইট মডেলের সারফেস ট্যাবলেটের দাম বাজারের অন্যান্য ট্যাবলেটের তুলনায় কম রাখতে পারে মাইক্রোসফট।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের আইপ্যাড ও অ্যান্ড্রয়েডনির্ভর বিভিন্ন ট্যাবলেটের সঙ্গে প্রতিযোগিতা করতেই মূলত সারফেস ট্যাবলেটের দাম ২০০ ডলারের কম রাখতে পারে মাইক্রোসফট। ২৬ অক্টোবর থেকে উইন্ডোজের নতুন সংস্করণ ‘উইন্ডোজ-৮’ বাজারে আনছে মাইক্রোসফট করপোরেশন। এই তারিখেই বাজারে আসতে পারে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট।মাইক্রোসফট ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, ১৮ জুলাই মাইক্রোসফটের বার্ষিক সেলস মিটিংয়ে প্রতিষ্ঠানটির উইন্ডোজ ও উইন্ডোজ লাইভ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি উইন্ডোজ বাজারে আনার তারিখ চূড়ান্ত করেছেন।