সাশ্রয়ী মোবাইল ফোন আনছে নকিয়া
মোবাইল ফোনের বাজারে নিজেদের অবস্থান হারানোর পর ফিনিশ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া অবস্থান টেকাতে সম্প্রতি ১১০ ও ১১২ মডেলের দুটি মোবাইল ফোন তৈরির ঘোষণা দিয়েছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার এই দুটি মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া। তরুণ প্রজন্মের জন্যই এই সাশ্রয়ী হ্যান্ডসেট তৈরি করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নকিয়া ১১০ হ্যান্ডসেটের দাম পড়বে প্রায় ৪৫ ডলার আর ১১২ হ্যান্ডসেটটির দাম পড়বে প্রায় ৫০ ডলার। ১.৮ ইঞ্চি ডিসপ্লের এই মোবাইল ফোনে নকিয়া এস৪০ অপারেটিং সিস্টেম ব্যবহূত হবে। নতুন এই মোবাইল ফোনে থাকবে ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা, ব্লুটুথ, ৩২ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ সুবিধা। ডুয়াল সিম ও এক সিম দুই মডেলের মোবাইল চলতি বছরেই বাজারে পাওয়া যাবে। ইন্টারনেট সুবিধার এই মোবাইল ফোনে নকিয়ার নিজস্ব ব্রাউজার ও সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকবে।