সাশ্রয়ী মোবাইল ফোন তৈরির প্রকল্প বন্ধ করছে নকিয়া (ভিডিও)
ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনার পাশাপাশি সাশ্রয়ী মোবাইল ফোন তৈরির প্রকল্পও বন্ধ করে দিচ্ছে। মেলটেমি নামের একটি প্রকল্পে উইন্ডোজ ফোন ও অ্যান্ড্রয়েডচালিত বিভিন্ন মোবাইল ফোনের চেয়ে সাশ্রয়ী মোবাইল ফোন তৈরিতে কাজ করছিল নকিয়া। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল জানিয়েছে, মেলটেমি প্রকল্পটি ছাড়াও সাশ্রয়ী দামের মোবাইল ফোন তৈরির বেশ কিছু প্রকল্প বন্ধ করে দেবে একসময়ে সাশ্রয়ী মোবাইল ফোন তৈরিতে বিশ্বের শীর্ষস্থানে থাকা নকিয়া। নকিয়া অবশ্য মেলটেমি প্রকল্পের তথ্য কখনো জনসম্মুখে আনেনি।গতকাল জার্মানি ও কানাডায় অবস্থিত প্রতিষ্ঠানটির গবেষণা প্রকল্প ও সারা বিশ্বের ১০ হাজার কর্মী ছাঁটাই করার কথা জানায় নকিয়া।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে নকিয়ার আর্থিক লোকসানের পাল্লা ভারী হওয়ায় কর্মী ছাঁটাই এবং বিভিন্ন প্রকল্প বন্ধ করার পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ। বিবিসি জানিয়েছে, ২০১০ সালের পর স্টিফেন ইলোপ দায়িত্ব নেওয়ার পর থেকে মোট ৪০ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। তবে এবার সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।২০১০ সালের পর থেকে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটির আর্থিক দৈন্যতা দেখা দিতে শুরু করে। কারণ, এই সময়ে ৭০ শতাংশ শেয়ারের দাম পড়ে যায়। কর্মী ছাঁটাই প্রসঙ্গে নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ বলেন, উন্নয়ন প্রকল্প বন্ধ করে খরচ কমানো এবং কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার মাধ্যমে নকিয়া আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াবে।
এদিকে, নকিয়ার এই আর্থিক দৈন্যদশায় মাইক্রোসফট প্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে বলেও গুজব ছড়িয়েছে।২০১১ সালের শেষ দিকে নকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের চুক্তি করেছে। এখন উইন্ডোজনির্ভর মোবাইল ফোন তৈরি করে বাজারে ঘুরে দাঁড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে নকিয়াকে অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।