সাশ্রয়ী স্মার্টফোন 'মটো জি' আনছে মটোরোলা

‘মটো জি’ নামের সাশ্রয়ী দামের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। এ স্মার্টফোনটির পেছনের প্যানেলটি কাস্টোমাইজ করা যাবে।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, মটো জি স্মার্টফোনটির দাম হবে ১৭৯ মার্কিন ডলার। মটোরোলা কর্তৃপক্ষ দাবি করেছে, হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনগুলোতে যে ধরনের ফিচার থাকে তার প্রায় সবগুলোই এ স্মার্টফোনটিতে যুক্ত করেছে তারা।
সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির ডিসপ্লেতে উন্নত রেজুলেশনে ভিডিও দেখা যায়। স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘কিটক্যাট’ থাকবে মটো জিতে। এটি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। এশিয়ার বেশ কয়েকটি দেশের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও এ স্মার্টফোনটি পাওয়া যাবে।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা বাড়ছে। মটোরোলার মটো জি স্মার্টফোনটি ক্রেতাদের আগ্রহ তৈরি করতে পারে।