সাশ্রয়ী হবে ‘কিন্ডল ফায়ার ২’
২০১১ সালে মাত্র ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে ছেড়েছিল অ্যামাজন। কিন্ডল ফায়ার নামের এ ট্যাবলেটটি বর্তমানে বাজারের ১৪ শতাংশ দখল করে রেখেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, কিন্ডল ফায়ার ২ নামের অ্যান্ড্রয়েড-চালিত নতুন এ সংস্করণটি হবে ১০ ইঞ্চি মাপের। আর এর দামও হবে সাশ্রয়ী। মাত্র ২০০ ডলারের মধ্যেই পাওয়া যেতে পারে কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ।অবশ্য কিন্ডল ফায়ার ২ সংস্করণটির বাজারে আসার সময় নিয়ে প্রযুক্তি বিশ্লেষকেরা নিশ্চিত নন। তারপরও একটি খবর তাদের ভরসা দিচ্ছে। সম্প্রতি চেসিস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাচার টেকনোলজি নতুন কিন্ডল ফায়ার ট্যাবলেট তৈরির অর্ডার পেয়েছে বলেই খবর রটেছে। গুজবটি সত্যি হলেই শিগগিরই বাজারে চলে আসবে কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ।উল্লেখ্য, ১০ ইঞ্চির কিন্ডল ফায়ার ছাড়াও ৭ ইঞ্চি ও ৮.৯ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ২ সংস্করণের গুজবও রটেছে বাজারে। নতুন সংস্করণ বিষয়ে অ্যামাজন অবশ্য কোনো মন্তব্য করেনি।