সাশ্রয়ী ৭ ইঞ্চি এসার ট্যাব!
সাশ্রয়ী দামে ৭ ইঞ্চি মাপের একটি অ্যান্ড্রয়েড-নির্ভর ট্যাবলেট বাজারে আনতে পারে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মাত্র ৯৯ ডলারেই পাওয়া যাবে এসারের ৭ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটি। ট্যাবলেটটির নাম হতে পারে ‘এসার আইকনিয়া বি১’। অবশ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে এসারের সাশ্রয়ী ট্যাব নিয়ে খবর রটলেও আনুষ্ঠানিকভাবে ট্যাবলেটটির ঘোষণা দেয়নি তাইওয়ান-ভিত্তিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘এসার আইকনিয়া বি১’ ট্যাবলেটটির ৭ ইঞ্চি মাপের ডিসপ্লেতে উচ্চমানের রেজুলেশন থাকবে। ট্যাবলেটটিতে ব্যবহূত হবে ১.২ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা। ট্যাবলেটটি মাইক্রোএসডি কার্ড, জিপিএস ও ব্লুটুথ সমর্থন করবে।এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এসারের তৈরি সাশ্রয়ী ট্যাবলেটটি বর্তমানে বাজারে থাকা আমাজন কিন্ডল ফায়ার ও বার্নস ও নোবেলের নুক কালার ট্যাবের মতো হতে পারে। সাশ্রয়ী এ ট্যাবলেটটির দাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম করতে পারে এসার কর্তৃপক্ষ।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, এসারের পাশাপাশি আসুস ৭ ইঞ্চি মাপের একটি নেক্সাস ট্যাব বাজারে আনার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২০১৩ সালের প্রথমার্ধে বাজারে আসুস ট্যাব ও এসার ট্যাবের মধ্যে প্রতিযোগিতা হবে।বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন ৭ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড ট্যাব ছাড়াও সাশ্রয়ী উইন্ডোজ ট্যাব বাজারে আনার সম্ভাবনা রয়েছে এসারের।