সাড়া জাগিয়ে শেষহলো কুষ্টিয়ার প্রযুক্তি উৎসব
ধীরগতিতে সাড়া মিললেও শনিবার সন্ধ্যার পর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ কানায় কানায় ভরে যায়। সেখানে শহরের বিভিন্ন বয়সী মানুষের সমাগম। এভাবেই সাড়া জাগায় কুষ্টিয়ার প্রযুক্তি উৎসব। গতকাল রোববার উৎসবের শেষ দিনেও ছিল মানুষের ভিড়। বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি সংগঠনের প্রায় ২১টি স্টলে নানা বয়সী মানুষ তথ্যপ্রযুক্তি বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা নেয়।বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে ‘জেলা শহরে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা’ নিয়ে নতুন উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় উদ্যোক্তারা প্রযুক্তি সম্পর্কে নানা তথ্য জানতে পারেন। তিনি প্রযুক্তির মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক খুলনার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।উৎসবে আসা কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র হাফিজুর রহমান জানান, এখানে এসে তিনি ইন্টারনেট ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বিটিসিএলের ইন্টারনেট সংযোগ দিয়ে সরাসরি ক্রিকেট খেলা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।উৎসবের আয়োজক প্রযুক্তিতে কুষ্টিয়ার সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর প্রথম আলোকে বলেন, ‘১৯৯৯ সালে কুষ্টিয়ায় প্রথম এ ধরনের আয়োজন করা হয়েছিল। এরপর আরও তিনবার হয়। কিন্তু প্রায় ছয় বছর পর এবার মানুষের এত সাড়া পাব, কল্পনা করতে পারিনি।’ —তৌহিদী হাসান, কুষ্টিয়া