অ্যাপলের নতুন আইপ্যাড গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে। এই ট্যাবলেট কম্পিউটার কেনার জন্য লোকজন ভিড় জমায় অ্যাপলের দোকানগুলোতে। মোট ২৩৬টি দোকানে ভোর পাঁচটা থেকে বিক্রি শুরু হয়। অনলাইনেও শুক্রবার রাতভর বিক্রি হয়েছে আইপ্যাড-২ নামের এই নতুন আইপ্যাড। অনলাইনে বিক্রি হওয়া আইপ্যাড-২ ক্রেতাদের হাতে যেতে সময় লাগবে কয়েক দিন বা কয়েক সপ্তাহ। গত সপ্তাহে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী স্টিভ জবস আইপ্যাড-২ বাজারে ছাড়ার ঘোষণা দেন। প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক ভ্যান বেকার বলেন, ‘আমার ধারণা গতবারের চেয়ে এবার বেশি আইপ্যাড বিক্রি হবে। অ্যাপলের দোকানগুলোতে বিক্রেতাদের ভিড় বেশি দেখে এমনটা মনে করা হচ্ছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ফিফথ এভিনিউতে অ্যাপলের দোকানের সামনে রাত থেকেই লোকজন লটবহর নিয়ে উপস্থিত হয়। তারা সঙ্গে করে আনে চেয়ার, ছাতা ও খাবারদাবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের ভিড় বাড়তে থাকে। আর সেই সঙ্গে বাড়তে থাকে আইপ্যাড২-এর দাম । হাজেম সায়েদ নামে একজন ক্রেতা জানান, প্রথমে ১৫০ ডলারে বিক্রি হলেও শেষ পর্যন্ত দাম গিয়ে ঠেকে ৯০০ ডলারে। কী আর করা, ৯০০ ডলার দিয়েই কিনে নিলাম দুটি আইপ্যাড। সঙ্গে অর্থ থাকলে আরও দুটি কিনে নিতাম।’ ২০১০ সালের এপ্রিল মাসে আইপ্যাডের প্রথম সংস্করণ বাজারে আসে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান