সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন  অংশ-৫

প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৮.
যেকোনো দেশে যেসব জীবজন্তু পশুপাখি দেখা যায় সেসব প্রাণী সেই দেশের অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি সবকিছু মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবনধারণ করে থাকে যদি তেমন অবস্থার বিঘ্ন ঘটে তখন জীবজন্তু পশুপাখি সবারই বেঁচে থাকা সমস্যা হয়ে দাঁড়ায় একটি বিষয় আমাদের একেবারেই মনে থাকে না অথচ সর্বদা স্মরণে রাখা কর্তব্য।
উত্তর: যেকোনো দেশে যেসব জীবজন্তু-পশুপাখি দেখা যায়, সেসব প্রাণী সেই দেশের অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি সবকিছু মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে, সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবনধারণ করে থাকে। যদি তেমন অবস্থার বিঘ্ন ঘটে, তখন জীবজন্তু, পশুপাখি সবারই বেঁচে থাকা সমস্যা হয়ে দাঁড়ায়। একটি বিষয় আমাদের একেবারেই মনে থাকে না, অথচ সর্বদা স্মরণে রাখা কর্তব্য।
৯.
বাঘ হিংস্র প্রাণী জীবজন্তু খেয়ে ফেলে মানুষকেও খায় তথ্য হিসেবে সবই সত্য কথা কিন্তু তা সত্ত্বেও প্রাণীবিদেরা বলছেন যে বাঘও সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে এখন তাঁরা চিন্তিত ফলে আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে শুধু আমাদের দেশেই নয় যেসব দেশে বাঘ রয়েছে সে সব দেশেও ব্যাঘ্র শিকার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় বাংলাদেশে বাঘ এখন বিলুপ্তপ্রায় প্রাণী এ কথা সবাই বলছে এবং সে জন্য সবাই চিন্তিত।
উত্তর: বাঘ হিংস্র প্রাণী, জীবজন্তু খেয়ে ফেলে, মানুষকেও খায়। তথ্য হিসেবে সবই সত্য কথা। কিন্তু তা সত্ত্বেও প্রাণীবিদেরা বলছেন যে, বাঘও সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী। বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে এখন তাঁরা চিন্তিত। ফলে, আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমাদের দেশেই নয়, যেসব দেশে বাঘ রয়েছে সে সব দেশেও ব্যাঘ্র শিকার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে বাঘ এখন বিলুপ্তপ্রায় প্রাণী—এ কথা সবাই বলছে এবং সে জন্য সবাই চিন্তিত।
১০.
বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই এর অর্থ পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা যদি মেলেও তবু বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য তুলনাহীন।
উত্তর: বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে। সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা। তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই। এর অর্থ পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা যদি মেলেও, তবু বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই। রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন।

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল