সিইএস এশিয়ায় প্রযুক্তির চমক

চীনের সাংহাইয়ে ১১ থেকে ১৩ মে অনুষ্ঠিত ‘কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) এশিয়া ২০১৬’ মেলায় স্পষ্টতই বোঝা গেল, প্রযুক্তিগত উন্নয়ন এখানেই শেষ নয় আসছে আরও অনেক কিছু। এ মেলায় বিশ্বের নামী সব ব্র্যান্ডের রোবট, ড্রোন, থ্রিডি প্রিন্টিং, বিদ্যুচ্চালিত গাড়ি, ভার্চ্যুয়াল রিয়ালিটি এবং আরও চমকপ্রদ নতুন প্রযুক্তি দেখানো হয়েছে।
আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মেলায় দেখিয়েছে তাদের সর্বাধুনিক প্রযুক্তি। ভোক্তা, প্রস্তুতকারী ও সরবরাহকারীদের ক্রমবর্ধমান আগ্রহের দেশ বাংলাদেশ এবং মিয়ানমার থেকে দুটি প্রতিনিধিদলও মেলায় সেখানে আমন্ত্রিত হয়েছিল।
ভার্চু্যয়াল রিয়ালিটি নিয়ে এখন বেশ আগ্রহ প্রযুক্তি দুনিয়ায়। প্রসেসর নির্মাতা ইনটেলও দেখিয়েছে েই ্প্রযুক্তি। মেলায় তাদের ৬জি প্রসেসর দর্শকদের সামনে তুলে ধরা হয়।
চীনভিত্তিক বহুজাতিক মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রেসিডেন্ট কেভিন হো আগে থেকেই দেখতে পাচ্ছেন প্রজন্মের সঙ্গে প্রজন্মের যোগাযোগ। বিশেষ করে ভার্চ্যুয়াল রিয়ালিটির মাধ্যমে এটা সম্ভব বলে তিনি মনে করেন।
‘সিইএস এশিয়া ২০১৬’ মেলায় ৩৭৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। জেডি ইলেকট্রনিকস মেলায় দেখায় ‘ডিংডং’ নামের একটি স্পিকার। এটি যে কোনো অনুসন্ধানের জবাব দেয়। মেলায় ছিল একটি খেলনা হেলিকপ্টার, যা পণ্য বয়ে নিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অনায়াসে পেরিয়ে যেতে পারে। ‘টর্নেডো’ নামের একটি যন্ত্র ব্যবহার করে কীভাবে মানসম্মত ভিডিও ধারণ করা যায়, তা দেখায় যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ইউনিক । সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান এনেছিল দ্রুত ছবি আঁকার এমন এক থ্রিডি কলম, যা ভবিষ্যতে শিশু শিক্ষায় খুব কাজে দেবে।
সিইএস মেলার তিন দিনে ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তিতে এশীয় দেশগুলোর উত্থানের বিষয়টিও ভালোভাবেই বোঝা গেল।