সিইএসের সেরা যত পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের যদি চকলেটের দোকানে ছেড়ে দিয়ে বলা হয় আগামী ছয় মাসে এর কিছুই কিনতে পারবে না, শুধু দেখে যাবে। ব্যাপারটা তাহলে যা দাঁড়াবে, কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ঠিক তাই। এভাবেই নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বর্ষীয়ান ফটোগ্রাফার জিন ইয়ং। সেরাদের সেরা বলে যে কথা আছে, সিইএসে আসলে তাই দেখানো হয়। সাধে কী আর বলা হয় ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা! ৬ জানুয়ারি শুরু হওয়া এ মেলার পর্দা নামে ৯ জানুয়ারি। প্রযুক্তি-বিষয়ক ব্লগ এনগ্যাজেট সেরা সব প্রযুক্তি-পণ্যের মধ্যে থেকেও খুঁজে বের করেছে সেরা পণ্য। প্রতিবারের মতো এবারও সেগুলোকে পুরস্কৃত করেছে তারা। সেগুলোর মধ্য থেকে প্রচলিত নির্বাচিত কিছু পণ্য এখানে তুলে ধরা হল।

.
.

সেরা ইলেকট্রনিক গাড়ি
প্রতিবছরই ‘কনসেপ্ট কার’ হিসেবে এমন সব গাড়ি দেখানো হয় যে প্রযুক্তি অন্তত তিন বছর পরে পাওয়া যাবে। বাজারমূল্যও থাকে চড়া। আর তাই বলা হচ্ছে, সাধারণ মানুষের টেসলা হলো শেভি বোল্ট ইভি নামের গাড়িটি। এই ‘কনসেপ্ট কার’টি এবারের সেরা ইলেকট্রনিক গাড়ির পুরস্কার পেয়েছে। এই কারের বিশেষত্ব হলো, সব সময় যোগাযোগের সব ব্যবস্থা এটিতে আছে।

সেরা স্মার্টফোন
নকশা কিংবা স্পেসিফিকেশনে অনন্য হুয়াওয়ে মেট ৮ এবারের সেরা স্মার্টফোন হিসেবে ঘোষণা করা হয়েছে। চার হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, কাইরিন ৯৫০ চিপ এবং চার গিগাবাইট র‍্যামে ফোনটি কাজ করে চমৎকার।

সেরা রোবট অথবা ড্রোন
ড্রোনের এমন ছড়াছড়ি প্রশ্ন তুলেছে, সংঘর্ষ বাঁধিয়ে দেবে না-তো? ইউনিক নামে এক প্রতিষ্ঠানের সঙ্গে মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেল চুক্তিবদ্ধ হয়ে তৈরি করেছে ইউনিক টাইফুন এইচ ড্রোন। সংঘর্ষ এড়াতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ড্রোনে।

.
.

সেরা স্টার্টআপ
সেরা স্টার্টআপ হিসেবে ঠাঁই করে নিয়েছে ওলেট নামের এক প্রতিষ্ঠান। শিশুদের হৃৎস্পন্দন এবং রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার স্মার্ট মোজা তৈরি করেছে তারা। এলজি ওলেড জি৬ জিতে নিয়েছে সেরা টেলিভিশন পণ্যের পুরস্কার। এ বছরের সেরা কম্পিউটার হিসেবে ঘোষণা করা হয় রেজার ব্লেড স্টিলথ আলট্রাবুক। পাঠক ভোটে সেরা পণ্যও নির্বাচিত হয়েছে এটি।