
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠেয় ‘৪০তম আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাকুয়েস্টিক, স্পিচ অ্যান্ড সিগন্যাল প্রসেসিং (আইসিএএসএসপি) ২০১৫’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের এই দলটির নাম ‘সুপার সিগন্যাল’। বিভিন্ন দেশের ২০০টি দলের মধ্যে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে ৫০টি দল। ২০১৪ সালে এই একই প্রতিযোগিতায় অংশ নিয়ে বুয়েট প্রথম স্থান অর্জন করেছিল। আইসিএএসএসপি ২০১৫ প্রতিযোগিতাটি হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আগামী ১৯ থেকে ২৪ এপ্রিল।
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের সুপার সিগন্যাল দলের পাঁচ সদস্য হলেন অনিক খান, সায়ীদ সাফায়েত চৌধুরী, রাকিব হায়দার, জাহিদ হাসান ও মো. সামজিদ বিন হাফিজ। এঁদের মধ্যে গতবারের দলে ছিলেন অনিক খান। প্রতিযোগিতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা হচ্ছে এমন একটা প্রতিযোগিতা, যেখানে সংকেত (সিগন্যাল) প্রক্রিয়া করার কৌশল বের করে জটিল সব সমস্যার সমাধান করা হয়। যেমন দৌড়ানোর সময় একজন হৃদ্রোগীর হৃৎস্পন্দন বেড়ে গেলে সেখানেই তাঁর ইসিজি করানো সম্ভব নয়। কারণ, ইসিজিতে রোগীর বুকে নানা ধরনের সরঞ্জাম ব্যবহার করে ইসিজি সংকেত নেওয়া হয়। কিন্তু পিপিজি সংকেত হাতের কবজি থেকে নেওয়া হয় বলে এটা দৈনন্দিন জীবনে ব্যবহার করা সহজ। কিন্তু গতি থাকলে পিপিজি সিগন্যাল অকার্যকর হয়ে পড়ে। তাই আমাদের কাজ ছিল বিভিন্ন ধরনের সংকেত প্রক্রিয়াকরণ কৌশলের মাধ্যমে পিপিজি সিগন্যাল থেকে সঠিক হৃৎস্পন্দন বের করা।’ এই প্রতিযোগিতায় প্রতিবছরই নির্দিষ্ট সমস্যা দেওয়া হয়, সেটার প্রযুক্তিগত মৌলিক সমাধান বের করাই হয় প্রতিযোগীদের কাজ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে পাঁচ হাজার ডলার।
দলের আরেক সদস্য সায়ীদ সাফায়েত চৌধুরী বলেন, ‘চূড়ান্ত পর্বে ডাক পাওয়ায় আমরা আনন্দিত। তবে সেখান থেকে সর্বোচ্চ তিনজনের খরচ বহন করবে। তাই আমাদের দলের পাঁচজনের যেকোনো দুজনের ব্রিসবেনে যাওয়া অনিশ্চিত। সবাই মিলে যেতে পারলে আরও ভালো লাগত।’ সিগন্যাল প্রসেসিং কাপ প্রতিযোগিতাটির আয়োজন করে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলীদের সংগঠন আইইইই।
হাসান ইমাম