সিঙ্গাপুরে চলছে কমিউনিক এশিয়া মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিক এশিয়ায় বাংলাদেশের প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের প্যাভিলিয়নে তথমন্ত্রী হাসানুল হক ইনু (ডান থেকে চুতর্থ)
কমিউনিক এশিয়ায় বাংলাদেশের প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের প্যাভিলিয়নে তথমন্ত্রী হাসানুল হক ইনু (ডান থেকে চুতর্থ)

এশিয়ায় এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য তথ্যপ্রযুক্তির মেলা ‘কমিউনিক এশিয়া ২০১৫’ সিঙ্গাপুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী ইয়াকুব ইব্রাহীম। উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের দ্বিতীয় যোগাযোগ ও তথ্যমন্ত্রী লরেন্স অং। স্বাগত বক্তৃতা করেন মেলার আয়োজক সিঙ্গাপুর এক্সিবিশন সার্ভিসেসের প্রধান নির্বাহী লিন্দি ওয়ী। এ সময় মেলায় অংশগ্রহণকারী দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরের আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন মেরিনা বে স্যান্ডসের সাড়ে ৫৮ হাজার ৫০০ বর্গমিটারের বিশাল জায়গায় চলছে এ মেলা। শেষ হবে আজ শুক্রবার। কমিউনিক এশিয়া ২০১৫ মেলার সঙ্গে চলছে ব্রডকাস্ট এশিয়া ও এন্টারপ্রাইজ এশিয়া মেলাও। বরাবরের মতো এবারও মেলার মূল আকর্ষণ নতুন নতুন প্রযুক্তি।
এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮১৬। মেলায় সিঙ্গাপুর ছাড়া আরও ৫৬টি দেশ অংশ নিচ্ছে। এ ছাড়া মেলায় গ্রুপ প্যাভিলিয়ন আছে ৩৫টি। অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, কোরিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বড় বড় প্যাভিলিয়ন নিয়েছে তথ্যপ্রযুক্তিতে তাদের অগ্রগতি ও প্রযুক্তি সবার কাছে তুলে ধরতে।
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবারের মেলার মিনিস্ট্রিয়াল ফোরামে অংশ নিয়েছেন। তিনি তথ্যপ্রযুক্তিতে গত কয়েক বছরে বাংলাদেশের অর্জন অন্যান্য দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। তিনি জানান, সভায় উপস্থিত বিভিন্ন দেশের মন্ত্রী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
বাংলাদেশের বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধিরাও এসেছেন ব্রডকাস্ট এশিয়া মেলায়।
২৫তম কমিউনিক এশিয়া মেলায় নতুন প্রযুক্তি ‘আইটেল আলট্রা ডায়ালার’ নিয়ে অংশগ্রহণ করছে বাংলাদেশের রিভ সিস্টেমস। এ নিয়ে ১০ বার এ মেলায় রিভ সিস্টেমস অংশ নিল বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান।
ভূঁইয়া ইনাম লেনিন, সিঙ্গাপুর থেকে