সিঙ্গাপুরে ভিডিওসহ এটিএম

সিঙ্গাপুরে প্রথমবারের মতো চালু হলো এটিএম যন্ত্র থেকে ভিডিও সম্মেলনের সুবিধা। দ্য ডেভেলপমেন্ট ব্যাংক অব সিঙ্গাপুর (ডিবিএস) এই সুবিধা চালু করেছে। যেখানে সেবা গ্রহণকারী অপর প্রান্তে থাকা ব্যাংকের কারও সঙ্গে কথা বলতে পারবেন।
বর্তমানে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে অ্যাং মো কিওর আইটিই কলেজে এ ধরনের একটি যন্ত্র স্থাপন করা হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ বছরের শেষ নাগাদ আরও অনেকগুলো যন্ত্র চালু করতে পারবে তারা।
এ যন্ত্রে এটিএমের মতো টাকা উত্তোলন, ব্যালেন্স চেক করা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের সেবা নেওয়া যাবে। তার জন্য প্রয়োজন হবে আঙুলের ছাপ ও নির্দিষ্ট পরিচয়।
ডিবিএসের ব্যবস্থাপনা পরিচালক জেরিমি সু বলেন, এই যন্ত্র ব্যাংকিং খাতের আমূল পরিবর্তন এনে দেবে। কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চালু থাকে এই যন্ত্র। আর শনিবারে চালু থাকবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ডিবিএসের পরিকল্পনা রয়েছে এই যন্ত্র সপ্তাহের প্রতিদিনই ২৪ ঘণ্টা চালু রাখার।
এস এম নজিবুল্লাহ চৌধুরী
সূত্র: ম্যাশেবল