সিঙ্গাপুরে শুরু হচ্ছে মোবাইল ক্লাউড কম্পিউটিং সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনেও নির্দিষ্ট জায়গার বিপরীতে অফুরন্ত জায়গা পাওয়ার (মোবাইল ক্লাউড) সুযোগ রয়েছে। আর এ বিষয়টি নিয়ে সিঙ্গাপুরে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘মোবাইল ক্লাউড কম্পিউটিং এশিয়া ২০১০’ শীর্ষক সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে মুঠোফোনভিত্তিক বাংলাদেশি বাজার সেলবাজার ইনকরপোরেটেডের কারিগরি ব্যবস্থাপক নওশের এ নূর যোগ দিচ্ছেন। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি জানান, টেলিযোগাযোগসহ নানা বিষয় নিয়ে কাজ করা নিউএজ নামক একটি সংস্থার আয়োজনে এই সম্মেলনে মোবাইল ক্লাউডিং বিষয়টি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে মোবাইল-সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটিং সিস্টেম নির্মাতা, মোবাইল প্রোগ্রাম নির্মাতা, নানারকম সেবাদাতা প্রতিষ্ঠান, ক্লাউড কম্পিউটিং সেবাদাতাসহ টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। ক্লাউড কম্পিউটিং বিষয়ে তিনি জানান, ক্লাউড কম্পিউটিংয়ের ধারণাটি বেশি দিনের নয়। কম্পিউটারের হার্ডডিস্কে থাকা নির্দিষ্ট জায়গা বাড়িয়ে উন্মুক্ত অফুরন্ত জায়গা পাওয়ার বিষয়টি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ ব্যবহারকারী নিজের কম্পিউটারের জায়গার বাইরে ব্যবহার করতে পারবেন অফুরন্ত জায়গা। ক্লাউড কম্পিউটিং ধারণা থেকেই চলে এসেছে মোবাইল ক্লাউড কম্পিউটিং ব্যাপারটি। মোবাইল ক্লাউড কম্পিউটিং সম্পর্কে তিনি বলেন, সাধারণভাবে ক্লাউডিংয়ের তিনটি দিক রয়েছে। এর মধ্যে রয়েছে স্টোরেজ, ব্যান্ডউইথ ও প্রসেসিং ক্ষমতা বাড়ানো। এই সুবিধা বাড়লে কম্পিউটার কিংবা মোবাইল ফোনে নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে থাকতে হবে না। অফুরন্ত জায়গা পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য। এই সেবা এশিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশের জন্য বিশেষ সহায়ক হবে বলে জানান তিনি। সম্মেলনের ওয়েবসাইট www.mobilecloudcomputingasia.com| —নুরুন্নবী চৌধুরী